সাঁতার কোচ এমদাদকে সাময়িক অব্যাহতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাঁতার কোচ এমদাদুল হকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ তুলেছিলেন এক কিশোরী সাঁতারু। এটা গত মাসের মাঝামাঝির ঘটনা। এমদাদ বাংলাদেশ আনসারের কোচ ও সাঁতার ফেডারেশনের নির্বাহী সদস্য। ওই সাঁতারুও আনসারের। আনসার কর্তৃপক্ষের কাছে কিশোরী অভিযোগের পর আনসার তদন্ত কমিটি গঠন করেছিল। সেই তদন্ত এখনো শেষ হয়নি।তবে কাল বাংলাদেশ সাঁতার ফেডারেশন জরুরি সভায় বসে বিষয়টা নিয়ে। এই সভায় নৌবাহিনীর কমান্ডার শহিদুল ইসলামকে প্রধান করে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে জাতীয় ক্রীড়া পরিষদের একজন এবং সাঁতার ফেডারেশনের তিনজন সদস্য আছেন। চূড়ান্ত সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত এমদাদকে সাঁতারের সব কর্মকাণ্ড থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।সাঁতার ফেডারেশনের সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান জানিয়েছেন, ‘অভিযোগটা যেহেতু গুরুতর, আমরা এটি ভালোভাবে খতিয়ে দেখার উদ্যোগ নিয়েছি। তদন্ত কমিটিকে দুই সপ্তাহ সময় দেওয়া হয়েছে। আশা করছি, এর মধ্যেই আমরা তদন্ত রিপোর্ট পাব এবং তার ওপর নির্ভর করে চূড়ান্ত ব্যবস্থা নিতে পারব। যদি অভিযোগের সত্যতা পাওয়া যায়, তাহলে কঠিন ব্যবস্থা নিতে আমরা বদ্ধপরিকর।’এমদাদের বক্তব্য জানতে চাইলে তিনি বললেন, ‘আমার কোনো বক্তব্য নেই। তদন্ত কমিটি যা করার করবে। সাংবাদিকদের সঙ্গে আমার কথা বলা নিষেধ। তাই কিছু বলব না।’