সাঁতার ফেডারেশনে নীরব বদল
ক্রীড়াঙ্গন থেকে নির্বাচন শব্দটা মুছে ফেলার বুঝি সময় এসেছে! বড় দু-একটি ফেডারেশন ছাড়া বাকিগুলোতে নির্বাচনের নামে আসলে চলছে ‘সমঝোতার কমিটি’। যে কারণে নির্বাচনের কোনো উত্তাপ নেই ক্রীড়াঙ্গনে, ক্ষমতার বলয়ে থাকা কর্মকর্তারা কমিটি করে জমা দিচ্ছেন জাতীয় ক্রীড়া পরিষদে। একাধিক প্রার্থী না থাকায় ওই কমিটিকেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করে জাতীয় ক্রীড়া পরিষদ। গতকাল সাঁতার ফেডারেশনের নতুন কমিটি এভাবেই ঘোষিত হলো।
এই কমিটিতে সাধারণ সম্পাদক হয়েছেন বিদায়ী কমিটির যুগ্ম সম্পাদক ও গোপালগঞ্জের যুবলীগ নেতা এম বি সাইফ। বিদায়ী কমিটির সাধারণ সম্পাদক রফিজ উদ্দিন রফিজ এই কমিটির সহসভাপতি। সহসভাপতি করা হয়েছে ফুটবলে প্রচুর বিনিয়োগ করা তরফদার রুহুল আমিনকে। কমিটিতে নেই সাঁতারের অনেক চেনা মুখ।
ফেডারেশনগুলোর সাধারণ সম্পাদকেরা শুরুতে অনেক প্রতিশ্রুতি দেন। কিন্তু কাজের কাজ কমই হয়। সাঁতারের গত কমিটির সাধারণ সম্পাদকের বড় প্রতিশ্রুতি ছিল বঙ্গবন্ধু সাঁতার টুর্নামেন্ট করা হবে। কিন্তু চার বছরেও সেটি করতে পারেননি। নতুন সাধারণ সম্পাদকও একই কথা বলেছেন। তাঁর লক্ষ্য তিনটি। বঙ্গবন্ধু টুর্নামেন্টের পাশাপাশি স্কুল চ্যাম্পিয়নশিপ ও প্রতিভা অন্বেষণের ধারাবাহিকতা ধরে রাখা।