সাঁতারকে বিসিবির কোটি টাকা দান
গত মাসেই হকি ফেডারেশনকে ১ কোটি টাকা দেওয়ার ঘোষণা দিয়েছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি নাজমুল হাসান। এবার সাঁতার ফেডারেশনকেও ১ কোটি টাকা দিচ্ছে বিসিবি। গত বোর্ড সভা শেষে সাঁতার ফেডারেশনকে আর্থিক সহযোগিতা করার সিদ্ধান্ত নিয়েছিল বিসিবি। কাল আনুষ্ঠানিকভাবে টাকার অঙ্কটা জানিয়ে দিল বাংলাদেশের সবচেয়ে ধনী ক্রীড়া ফেডারেশন। সাঁতার ফেডারেশনের সাধারণ সম্পাদক রফিজ উদ্দিন কাল জানালেন, ‘আজ পাপন ভাই (নাজমুল হাসান) আমাদের জানিয়েছেন, সাঁতারকে এক কোটি টাকা দেওয়া হবে। শিগগিরই এই টাকা পেতে যাচ্ছি আমরা।’
ফেডারেশনের চলমান প্রতিভা অন্বেষণ কর্মসূচি ‘সেরা সঁাতারুর খোঁজে’ এবং কোচেস ট্রেনিং কর্মসূচির পেছনেই মূলত এই টাকা খরচ করা হবে। তবে পৃষ্ঠপোষক জোগাড় হয়নি বলে ২৭ নভেম্বর থেকে শুরু জাতীয় সাঁতারেও এই টাকার কিছু খরচ হবে বলে জানিয়েছেন রফিজ উদ্দিন। ৭ ডিসেম্বর ঢাকায় শুরু হবে কোচদের ট্রেনিং কর্মসূচি। এই খাতেও খরচ হবে কিছু টাকা।