সাঁতারপুলে আরিফুলের কীর্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিকেএসপির সুইমিংপুল আর সুযোগ-সুবিধা আরিফুলকে (ডানে) বানিয়েছে বয়সভিত্তিক সাঁতারের ছেলেদের বিভাগের সেরা। বগুড়ার হাজা-মজা পুকুরে সাঁতরেও কম যায়নি কৃষক-কন্যা মরিয়ম। ট্রফি আর পদক নিয়ে কাল মিরপুর সুইমিং কমপ্লেক্সে হাস্যোজ্জ্বল দুই সাঁতারু   প্রথম আলো
বিকেএসপির সুইমিংপুল আর সুযোগ-সুবিধা আরিফুলকে (ডানে) বানিয়েছে বয়সভিত্তিক সাঁতারের ছেলেদের বিভাগের সেরা। বগুড়ার হাজা-মজা পুকুরে সাঁতরেও কম যায়নি কৃষক-কন্যা মরিয়ম। ট্রফি আর পদক নিয়ে কাল মিরপুর সুইমিং কমপ্লেক্সে হাস্যোজ্জ্বল দুই সাঁতারু প্রথম আলো

এবার একটিও রেকর্ড গড়তে পারেনি আরিফুল ইসলাম। এ নিয়ে একটু আক্ষেপই ছিল। তবে অন্য রকম একটা ‘রেকর্ড’ গড়েই এবারের বয়সভিত্তিক সাঁতার শেষ করেছে বিকেএসপির কিশোর। ১৩টি ইভেন্টে অংশ নিয়ে সব কটিতেই জিতেছে সোনা! জাতীয় বয়সভিত্তিক সাঁতারের ইতিহাসে এই প্রথম এমন কৃতিত্ব দেখল মিরপুর সাঁতার কমপ্লেক্স। এর আগে গত বছর বয়সভিত্তিক সাঁতারে নাজমা খাতুন ১১টি ইভেন্টে অংশ নিয়ে সব কটিতেই রেকর্ড গড়ে সোনা জিতেছিল।
এমন কীর্তির পরও আরিফুলের আক্ষেপ, ‘জেএসসি পরীক্ষার কারণে ভালোভাবে অনুশীলন করতে পারিনি। তাই রেকর্ড হলো না একটিতেও। আশা করি, আগামী বছর রেকর্ড গড়ে সোনা জিতব।’
হ্যান্ডটাইমিংয়ে হলেও রেকর্ডের ছড়াছড়ি ছিল গত আসরে। হয়েছিল ৪৩টি নতুন রেকর্ড। কিন্তু এবার হয়েছে মাত্র ১১টি! আনসারের সাঁতারুদের পারফরম্যান্সের অবনতি এবং অনুশীলনের অভাবেই এমনটি হয়েছে বলে জানালেন ঢাকার বাইরে থেকে আসা বিভিন্ন জেলার কোচরা।
আরিফুলের মতো দাপট দেখিয়েছে তাঁর প্রতিষ্ঠান বিকেএসপিও। ১০০টি ইভেন্টের মধ্যে ৫৮টি সোনা, ৪৪টি রুপা ও ২৯টি ব্রোঞ্জ জিতে ধরে রেখেছে শিরোপা। রানার্সআপ আনসার জিতেছে ১৫টি সোনা, ১৯টি রুপা ও ১৫টি ব্রোঞ্জ। ছেলেদের বিভাগে সেরা সাঁতারু এই আরিফুল। মেয়েদের বিভাগে সেরা মরিয়ম খাতুন। বিকেএসপির জাহিদুল ইসলাম ও টিটু মিয়া ১১টি করে সোনা জিতেছে। লালন শাহ সুইমিং ক্লাবের নয়ন আলী ও মেহেরপুর সুইমিং ক্লাবের রাশেদা খাতুন জিতেছে ৬টি করে সোনা।
সুশৃঙ্খল দলের পুরস্কার জিতেছে মুন্সিগঞ্জ মনজুর স্মৃতি সুইমিং ক্লাব। বিশেষ পুরস্কার পেয়েছে প্রতিবন্ধী সাঁতারু খুশি খাতুন। আগামী নভেম্বরে অস্ট্রেলিয়ায় স্পেশাল অলিম্পিকের এশিয়া প্যাসিফিক গেমসে অংশ নেবে পাবনার এই কিশোরী। কাল আর্থিক পুরস্কার তুলে দেওয়া হয়েছে বাংলাদেশ গেমসে রেকর্ড গড়ে সোনাজয়ী সাঁতারু মাহফিজুর রহমান (সাগর), সোনিয়া আক্তার (টুম্পা), পাপিয়া আক্তার ও রোমানা আক্তারের হাতে। বার্সেলোনায় বিশ্ব সাঁতার চ্যাম্পিয়নশিপে ৫০ মিটার ফ্রিস্টাইলে নিজের ব্যক্তিগত সেরা টাইমিং করায় বাড়তি প্রণোদনা পুরস্কার পেয়েছেন মাহফিজুর।