সাঁতারপুলে নাজমা-চমক
নিজের শেষ ইভেন্ট ছিল ১০০ মিটার বাটারফ্লাই। অন্যদের সাঁতার তখনো শেষ হয়নি, কিন্তু অনেক আগেই তিন নম্বর লেন ছুঁয়ে বসে রইল নাজমা খাতুন। গত দুই দিনের মতো বয়সভিত্তিক সাঁতারে কালও পুল মাতাল আমলার এই কিশোরী। শেষ ইভেন্টেও গড়ল নতুন জাতীয় রেকর্ড। সেই সঙ্গে একটা ইতিহাসও। ১৫-১৭ বছরের বালিকা বিভাগে ১১টি ইভেন্টে সাঁতরে সবগুলোতেই করেছে নতুন জাতীয় রেকর্ড! এমন ঘটনা এর আগে বাংলাদেশের সাঁতারে হয়েছে কি না, সেটা মনে করতে পারলেন না ফেডারেশন কর্মকর্তাদের কেউ। নাজমা আনসারের সাঁতারু হলেও তাঁর এই কৃতিত্বের মূল দাবিদার আসলে ফেডারেশন। এসএ গেমসের ক্যাম্পে থেকেই দুই বেলা কঠোর অনুশীলন করে এমন কৃতিত্ব দেখাল রেকর্ড-কন্যা নাজমা। তবে নাজমার কৃতিত্ব সত্ত্বেও আনসার শ্রেষ্ঠত্ব ধরে রাখতে পারেনি। ৭২টি সোনা, ৫৭টি রুপা ও ২৬টি ব্রোঞ্জ জিতে চ্যাম্পিয়ন হয়েছে বিকেএসপি। গতবারের চ্যাম্পিয়ন আনসার ২১টি সোনা, ১৩টি রুপা ও ২৪টি ব্রোঞ্জ জিতে এবার হয়েছে রানার্সআপ। আর সব মিলিয়ে তিন দিনে ১০৩টি ইভেন্টের মধ্যে রেকর্ড হয়েছে ৪৫টি।