সাঁতারুদের রেখেই বিদেশ গেলেন কর্মকর্তারা
বার্সেলোনায় আজ শুরু হচ্ছে ১৫তম বিশ্ব সাঁতার চ্যাম্পিয়নশিপ। সেখানে অংশ নেবেন বাংলাদেশের তিন সাঁতারু মাহফিজুর রহমান (সাগর), অনীক ইসলাম ও মাহফুজা খাতুন (শিলা)। কিন্তু এই তিনজনকে ফেলে আগেভাগেই স্পেন চলে গেলেন ফেডারেশনের সাধারণ সম্পাদক রফিজ উদ্দিন ও যুগ্ম সম্পাদক মোল্লা বদরুল সাইফ। ফিনা কংগ্রেসে যোগ দিতে গতকাল সকালে ঢাকা ছেড়েছেন এ দুজন। তিন সাঁতারু যাবেন ২২ জুলাই। নাম প্রকাশে অনিচ্ছুক ফেডারেশনের এক কর্মকর্তা কাল ক্ষুব্ধ স্বরে বললেন, ‘রাজনৈতিক বিবেচনায় কমিটি হলে তো এমনই হবে। আমার ২৭ বছরের সংগঠক জীবনে এমন ঘটনা কোনো দিন দেখিনি। এটা নজিরবিহীন। স্পেন যাওয়ার পথে যদি কোনো সাঁতারুর বিপদ ঘটে, সেটার দায়দায়িত্ব কে নেবে? শুধু প্রমোদ ভ্রমণে যাওয়ার জন্যই এরা ফেডারেশনে আসে।’ এর আগে এভাবে কখনোই কোনো আন্তর্জাতিক প্রতিযোগিতায় একা যেতে হয়নি কোনো সাঁতারুকে। যদিও বিষয়টিকে ততটা পাত্তা দিতে চাইছেন না মাহফিজুর রহমান, ‘আমরা সবাই পড়াশোনা জানা ছেলেমেয়ে। আশা করি, যেতে কোনো সমস্যা হবে না। তবে একজন কর্মকর্তা সঙ্গে থাকলে সেটা আমাদের জন্যই ভালো হতো।’ নতুন সাধারণ সম্পাদক রফিজ উদ্দিন নিজের প্রভাব খাটিয়েই গোপালগঞ্জ যুবলীগের সাধারণ সম্পাদক মোল্লা বদরুল সাইফকে ভ্রমণসঙ্গী করেছেন বলে সাঁতার অঙ্গনে অভিযোগ। শুধু তা-ই নয়, নিয়মিত কোচ আবদুল হামিদের অধীনে এত দিন সাঁতারুরা অনুশীলন করলেও শেষ পর্যন্ত কোচ হিসেবে বার্সেলোনা গেলেন মোল্লা বদরুল সাইফ! ২৮ জুলাই ৫০ মিটার বাটারফ্লাইয়ে অংশ নেবেন অনীক ইসলাম। ২ আগস্ট ৫০ মিটার ফ্রি-স্টাইলে সাঁতরাবেন মাহফিজুর রহমান, ৩ আগস্ট মাহফুজার ইভেন্ট ৫০ মিটার ব্রেস্ট স্ট্রোক।