‘টাইমিংয়ে কতখানি উন্নতি হয়েছে তা যাচাই করার জন্যও অন্তত একটা প্রতিযোগিতা খুব প্রয়োজন। ভারতের সাঁতারুরা একের পর এক টুর্নামেন্টে অংশ নিচ্ছে। এসএ গেমসে গিয়ে ওদের সঙ্গে কীভাবে লড়ব তা নিয়েই ভয়ে আছি’—সবার মনের কথাটা যেন অকপটেই বলে দিলেন কলম্বো এসএ গেমসের সোনাজয়ী সাঁতারু শাহজাহান আলী রনি।
দুয়ারে কড়া নাড়ছে এসএ গেমস। ‘দক্ষিণ এশিয়ার অলিম্পিক’খ্যাত সর্বোচ্চ আঞ্চলিক এই প্রতিযোগিতাটির আগে নিজেদের ঝালিয়ে নেওয়ার সুযোগ পাচ্ছেন না সাঁতারুরা। খোদ ফেডারেশনের সাধারণ সম্পাদক রফিজ উদ্দিনেরই যেন কোনো ঘরোয়া প্রতিযোগিতা আয়োজনের আগ্রহ নেই। এরই মধ্যে তিনি ঘোষণা দিয়েছেন, এ বছর কোনো জাতীয় সাঁতার হবে না। এই সিদ্ধান্তের পেছনে তাঁর যুক্তি, ‘বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন (বিওএ) জাতীয় প্রতিযোগিতা আয়োজনে নিষেধ করেছে।’
অথচ এ বছর অ্যাথলেটিকস, আর্চারি, বাস্কেটবল, ভারোত্তোলন জাতীয় প্রতিযোগিতার আয়োজন করেছে। আজ শুরু হচ্ছে জাতীয় হ্যান্ডবল ও বক্সিং প্রতিযোগিতা। গত সপ্তাহে সাইক্লিং এসএ গেমসের প্রস্তুতি নিতে দিল্লিতে এশিয়া কাপে খেলে এসেছে। ব্যাডমিন্টন খেলোয়াড়েরা অংশ নিয়েছেন বাংলাদেশ ওপেন আন্তর্জাতিক টুর্নামেন্টে। হকি দল যুব এশিয়া কাপে খেলে দেশে ফিরেছে গত সপ্তাহে। স্কোয়াশ গত মঙ্গলবার শেষ করেছে সামিট ওপেন টুর্নামেন্ট। ডিসেম্বরে ভলিবল দল ইরান যাবে আমন্ত্রণমূলক টুর্নামেন্টে খেলতে। চোখের সামনেই ভূরি ভূরি উদাহরণ, কিন্তু সাঁতারুরা পুলে নামার জন্য হাহাকার করছেন।
জাতীয় প্রতিযোগিতা আয়োজনের ব্যাপারে বিওএ লিখিত কোনো নির্দেশ দেয়নি বলে জানালেন প্রশিক্ষণ ও উন্নয়ন কমিটির সদস্যসচিব রফিকুল ইসলাম, ‘আমরা ফেডারেশনগুলোকে মৌখিকভাবে অনুরোধ করেছিলাম অক্টোবরের মধ্যে ঘরোয়া আয়োজন সেরে ফেলতে যাতে এসএ গেমসের প্রস্তুতিতে সমস্যা না হয় এবং ইনজুরিতে পড়ার সম্ভাবনা কম থাকে।’
সর্বশেষ জাতীয় সাঁতার হয়েছিল গত বছর অক্টোবরে, গোপালগঞ্জে। এরপর শুধু বয়সভিত্তিক ও দূরপাল্লার সাঁতারের আয়োজন করেছে ফেডারেশন যাতে জাতীয় সাঁতারুরা অংশই নেন না!
২০ আগস্ট ২৮ জন সাঁতারুকে নিয়ে মিরপুরে শুরু হয়েছে এসএ গেমসের প্রস্তুতি। চাইলে এর আগে জাতীয় সাঁতার শেষ করা যেত না? রফিজ উদ্দিনের উত্তর, ‘স্পনসর-সংকটের কারণে আয়োজন করতে পারিনি।’ রফিজ উদ্দিন পৃষ্ঠপোষক খোঁজার ব্যাপারে কতটা আন্তরিক ছিলেন সেটি নিয়েই এখন প্রশ্ন সাঁতার সংশ্লিষ্টদের কাছে।
এমনিতেই সাঁতারুরা প্রতিযোগিতামূলক সাঁতারে অংশ নেওয়ার সুযোগ কম পান। এর ওপর এসএ গেমসের প্রস্তুতির দোহাই পেড়ে সেটাও বন্ধ। কোরিয়ান কোচ পার্ক তে গুনের অধীনে দুই বেলা অনুশীলন করলেই যেন পদক আপনাআপনি এসে যাবে!