সাঁতারুদের 'অভাবী সংসারের' গল্প

লাইট, ক্যামেরা, অ্যাকশন। মিরপুর সাঁতার কমপ্লেক্সে পরশু এসব নিয়েই ব্যস্ত ছিলেন সাঁতারু শাজাহান আলী (রনি), মাহফিজুর রহমান (সাগর), মাহফিজা খাতুনেরা (শিলা)। শাকিব খান, মিশা সওদাগরদের সঙ্গে হাসিমুখে সিনেমার শুটিং করলেন সবাই। চাইলে দৃশ্যটাকে প্রতীকীও ভাবতে পারেন।
সিনেমার চিরায়ত গল্পের মতোই ধুঁকছে সাঁতার। আন্তর্জাতিক আসরে সোনার পদক এখন সোনার হরিণ। বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন (বিওএ) আবাসিক ক্যাম্পে রাখেনি সাঁতারুদের। বেশির ভাগ সাঁতার কর্মকর্তাই ইদানীং কোচ সেজে বিদেশ সফরে যাওয়ার প্রতিযোগিতায় ব্যস্ত। অথচ একজন ভালো মানের বিদেশি কোচ আনার উদ্যোগ নেয় না ফেডারেশন। যে ক্রীড়াপল্লিতে থাকছেন সাঁতারুরা, সেটি এক কর্মকর্তার চোখে এখন ‘ডাস্টবিন পল্লি’। এই যুগেও সাঁতারুদের জন্য দৈনিক মাত্র ৩০০ টাকা বরাদ্দ। ভালো মানের সাঁতার পোশাক পরতে পারেন না সাঁতারুরা। এই অভাবী সংসারেও তাঁদের মুখে কী করে যে হাসি থাকে, বোঝা দুঃসাধ্য।
ঘরোয়া প্রতিযোগিতার খোঁজ নেই। অথচ সাঁতারুদের সামনে ঠাসা আন্তর্জাতিক সূচি। এশিয়ান যুব উন্নয়ন কর্মসূচির আওতায় উচ্চতর প্রশিক্ষণের জন্য দোহায় যাবেন আরিফুল ইসলাম ও মরিয়ম খাতুন। ২০ জুলাই-৩ আগস্ট গ্লাসগোতে বসবে ২০তম কমনওয়েলথ গেমসের আসর। সেখানে অংশ নেবেন মাহফিজুর রহমান ও মাহফুজা খাতুন। ১৯ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর দক্ষিণ কোরিয়ায় ১৭তম এশিয়ান গেমসেও থাকবেন এই দুই সাঁতারু। নানজিংয়ে ১৬-২৮ আগস্ট যুব অলিম্পিক গেমসে আসিফ রেজা, নভেম্বরে চতুর্থ এশিয়ান বিচ গেমসে অংশ নেবেন মাহমুদ-উন নবী ও পলাশ চৌধুরী। পাঁচটি আন্তর্জাতিক প্রতিযোগিতাকে সামনে রেখে ১৮ জানুয়ারি নৌবাহিনীর সাঁতার পুলে শুরু হয় আবাসিক ক্যাম্প। তবে ১ মে থেকে সাঁতারুরা চলে এসেছেন মিরপুরে। ক্যাম্পে এঁদের সঙ্গী হয়েছেন অনিক ইসলাম, শরীফুল ইসলাম, জুয়েল আহমেদ, নাজমা খাতুন ও সোনিয়া আক্তার।
প্রায় এক বছর পর ফেডারেশন শুরু করেছে আবাসিক ক্যাম্প। এতেই হাসি ফুটেছে সাঁতারুদের মুখে। প্রতিদিন দুই বেলা অনুশীলন করাচ্ছেন সাবেক সাঁতারু লায়লা নূর। তবে কোরিয়ান কোচ পার্ক তে গুনের অভাবটা ভালোই বুঝতে পারছেন সাঁতারুরা।
পার্কের প্রশিক্ষণে সাঁতারুরা দেখেছিলেন স্নোরকল, ফিঞ্চ, হ্যান্ডপ্যাডলের মতো আধুনিক সরঞ্জাম। ওগুলো এখন ফেডারেশনের স্টোররুমে বন্দী। এসএ গেমসে রুপাজয়ী শাজাহান আলীর আফসোসের সীমা নেই এটা নিয়ে, ‘পার্ককে খুবই মিস করছি।’
এই পার্কের অধীনেই নিজেকে নতুন করে চিনেছেন মাহফিজুর। বার্সেলোনায় গত বছর বিশ্ব সাঁতার চ্যাম্পিয়নশিপে ক্যারিয়ার সেরা টাইমিং (২৪.৩৯ সেকেন্ড) করেছিলেন নৌবাহিনীর সাঁতারু। বাংলাদেশ গেমসের সেরা সাঁতারু কাল এক ফাঁকে জানালেন তাঁর নতুন লক্ষ্যটা, ‘এশিয়ান গেমসের সেমিফাইনালে যেতে চাই।’
অল্প সময়ের অনুশীলনে আন্তর্জাতিক প্রতিযোগিতায় ফল কতটা ভালো হবে তা নিয়ে সংশয়ে এসএ গেমসের রুপাজয়ী মাহফুজা। চার বছরের পুরোনো সাঁতার পোশাক পরেই এখনো অনুশীলন করছেন। এই পোশাকেই সাঁতরাতে হয় আন্তর্জাতিক আসরে। মাহফুজা কাল সখেদে বলছিলেন, ‘ বিদেশের পুলে নামার আগেই মনটা খারাপ হয়ে যায়। বার্সেলোনায় আমার পাশের পুলে দেখেছি আফ্রিকার দেশগুলো থেকে আসা সাঁতারুদেরও অনেক দামি ও আধুনিক কস্টিউম। ওসব পরে সাঁতরালে কিছুটা হলেও মানসিকভাবে এগিয়ে থাকতে পারি।’
এত সব না পাওয়ার কষ্ট মেনে নিয়েই প্রতিদিন পুলে নামছেন সাঁতারুরা।