সাঁতারে অচেনা সাধারণ সম্পাদক
বাংলাদেশের ক্রীড়া ফেডারেশনগুলোয় নির্বাচন হচ্ছে বটে, তবে নির্বাচিত কমিটি আসলে জেলা ও বিভাগীয় ক্রীড়া সংগঠকদের সংগঠন ফোরামের ইচ্ছা-অনিচ্ছারই প্রতিফলন। কাল সাঁতার ফেডারেশনের নির্বাহী কমিটির ২৪টি পদে মনোনয়নপত্র জমা দেওয়ার ঘটনাপ্রবাহ তা আরেকবার জানিয়ে দিল। সমঝোতার ভিত্তিতে পরিষদ জমা হয়েছে একটিই। সাধারণ সম্পাদক পদে ফোরামের সমর্থন পেয়ে শেষ পর্যন্ত জয়ী গাজীপুর জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক রফিজ উদ্দিন রফিজ। সাঁতারের লোকজনের কাছেই এই ভদ্রলোক অপরিচিত মুখ। ফোরাম চেয়েছে বলেই তিনি সাধারণ সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হচ্ছেন।সাঁতারের সঙ্গে সম্পৃক্ততা ছিল না এত দিন। তবু কেন এলেন এই পদে? রফিজ উদ্দিন বললেন, ‘প্রত্যক্ষ না হলেও পরোক্ষে আমি আমার জেলায় সাঁতার চালিয়েছি। নিজের ইচ্ছা এবং ফোরামের মনোনয়ন দুটির সমন্বয় ঘটিয়ে আমি এই পদে এলাম।’ সাধারণ সম্পাদক পদে বাকি দুই আগ্রহী প্রার্থী পেয়েছেন যুগ্ম সম্পাদক পদ। তাঁরা হলেন গোপালগঞ্জ জেলা যুবলীগের সাধারণ সম্পাদক এম বি সাইফ ও সাঁতারের পুরোনো সংগঠক ও কোচ আমিরুল ইসলাম। গত নির্বাচিত কমিটির সাধারণ সম্পাদক মাহবুবুর রহমানকে (শাহীন) এবার সহসভাপতি পদে দেওয়া হয়েছে। গুঞ্জন আছে, ভিন্ন রাজনৈতিক আদর্শে বিশ্বাসী বলে এই সংগঠককে রাজনৈতিক বিবেচনায় এবার সাধারণ সম্পাদক পদে রাখা হয়নি।