কথা ছিল কোরিয়ান কোচ পার্ক তে গুনকে ফিরিয়ে আনবে সাঁতার ফেডারেশন। গত এসএ গেমসে কাজ করা পার্ক বাংলাদেশে আবার আসবেন বলে প্রতিশ্রুতিও দিয়েছিলেন। কিন্তু গত সপ্তাহে পার্ক জানিয়ে দিয়েছেন, তিনি বাংলাদেশে আসবেন না।
কোচ নিয়ে বেশ বিপাকে পড়েছে সাঁতার ফেডারেশন। তবে পার্কের বদলে এমন একজন কোচকে আনার চেষ্টা করছে ফেডারেশন, প্রতিদ্বন্দ্বিতামূলক সাঁতারে যাঁর কাজ করার অভিজ্ঞতা তেমন নেই। এই কোচ একজন ইতালীয়, নাম গাব্রিও মানুচ্চি। এরই মধ্যে যোগাযোগ করেছেন কর্মকর্তারা। মানুচ্চি ইতালির বাংলাদেশি দূতাবাসে ভিসার জন্য আবেদন করেছেন। ভিসা হলে দ্রুতই বাংলাদেশে চলে আসবেন তিনি।
মানুচ্চি মূলত বিভিন্ন পাঁচ তারকা হোটেলে ও ক্লাবে বয়স্কদের সাঁতার শেখান। বর্তমানে অস্ট্রেলিয়ার নর্থ সিডনি মাস্টার্স সুইমিং ক্লাবের কোচ। এর আগে ইতালির মিলানে একটি কলেজের সাঁতার কোচ ছিলেন। কোচের ব্যাপারে জানতে চাইলে ফেডারেশনের সাধারণ সম্পাদক রফিজ উদ্দিন বললেন, ‘এই কোচের বায়োডাটা দেখেছি। আমারও খুব বেশি পছন্দ হচ্ছে না তাঁকে। কিন্তু কী আর করা, এই মুহূর্তে আমাদের একজন বিদেশি কোচের প্রয়োজন। পার্ক আমাদের বিপদে ফেলে দিয়েছেন। উনি ১৬ অক্টোবর জানিয়েছেন, নতুন চাকরি পেয়ে অস্ট্রেলিয়ায় চলে গেছেন।’
কিন্তু ফেডারেশন সূত্রে জানা গেছে, ভিসা পাওয়ামাত্রই মানুচ্চিকে নিজ খরচে ঢাকায় আসতে বলা হয়েছে। তিনি এলে বিমান টিকিটের টাকা দেওয়া হবে।
সাঁতারুদের দুই বেলা নিয়মিত অনুশীলন করাচ্ছেন স্থানীয় কোচ। এসএ গেমসের আগে অনুশীলনই ভরসা, কোনো প্রতিযোগিতায় খেলা হবে না সাঁতারুদের। এ বছর কোনো জাতীয় প্রতিযোগিতা আয়োজন করবে না সাঁতার ফেডারেশন। এটি নাকি বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) নির্দেশ।