সাঁতারে কোনো ঢেউ নেই!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হোক না হ্যান্ডটাইমিংয়ের সময়, তবু রেকর্ড গড়তে পারা উন্নতিরই পরিচায়ক। এবারের প্রাইম ব্যাংক ২৫তম জাতীয় সাঁতারে সেই রেকর্ডই মুখ লুকিয়ে থাকল। গত বছর যেখানে ২৩টি রেকর্ড হয়েছিল, সেখানে ব্যক্তিগত একটিসহ এবার মাত্র তিনটি। মেয়েদের ব্যাক স্ট্রোকে সবেধন নীলমণি ব্যক্তিগত রেকর্ডটি গড়েছেন আনসারের ডলি আক্তার। তিন দিনের প্রতিযোগিতায় বাকি দুটি রেকর্ড হয়েছে রিলেতে। পারফরম্যান্সের অধোগতি, পুরোনোদের দাপট এবং রেকর্ড-খরা—এ নিয়েই মিরপুর সুইমিং কমপ্লেক্সে কাল শেষ হলো জাতীয় সাঁতার।গতবারের মতো এবারও দলগত চ্যাম্পিয়ন বাংলাদেশ আনসার। তিন দিনের প্রতিযোগিতায় আনসার ১৭টি সোনা, ১৩টি রুপা ও ২টি ব্রোঞ্জ জিতেছে। রানার্সআপ নৌবাহিনী পেয়েছে ১৬টি সোনা, ৭টি রুপা ও ৯টি ব্রোঞ্জ। ব্যক্তিগত সাফল্যে উজ্জ্বলতম নাম আনসারের সোনিয়া আক্তার। সর্বোচ্চ ৮টি সোনা ও ৩টি রুপা জিতেছেন ঝিনাইদহের মেয়ে। ছেলেদের বিভাগে সেরা নৌবাহিনীর দুই সাঁতারু রুবেল রানা ও মাহফিজুর রহমান। দুজনই ৫টি করে সোনা জিতেছেন। ওয়াটারপোলোতে চ্যাম্পিয়ন সেনাবাহিনী, রানার্সআপ নৌবাহিনী।সাঁতারের কেন এমন দুরবস্থা? কোরিয়ান কোচ পার্ক তে গুণের উত্তর, ‘অনুশীলন ছাড়া পুলে নামলে এমন ফলাফলই হবে। গত বছর আমি এসএ গেমসের সময় সবাইকে ক্যাম্পে রেখে যে অনুশীলন করিয়েছিলাম, সেটা দারুণ কাজে দিয়েছিল। কিন্তু এরপর ফেডারেশন বা সার্ভিসেস দলগুলোর কেউই সেভাবে অনুশীলনের মধ্যে ছিল না।’ তবে এত কিছুর মধ্যেও নৌবাহিনীর সাঁতারুরা ছিলেন ব্যতিক্রম। ছেলেদের ১৯টি ইভেন্টের মধ্যে ১৬টিতেই সোনা জিতেছেন নৌবাহিনীর সাঁতারুরা। গতবারের চতুর্থ স্থান থেকে দলগতভাবে এবার দুইয়ে। সাঁতারুদের কঠোর অনুশীলনের ফলই এই সাফল্য—এমনটাই দাবি নৌবাহিনীর দুই কোচ দীন আমিন ও নিয়াজ আলীর। সাঁতারের সামগ্রিক হতাশার চিত্র ভাবিয়ে তুলেছে ফেডারেশনের সাধারণ সম্পাদক মাহবুবুর রহমানকেও (শাহীন)।খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন ফেডারেশনের সভাপতি ও নৌবাহিনীর প্রধান ভাইস অ্যাডমিরাল জহিরউদ্দিন আহমেদ।