বেইজিংয়ের অতিমানব লন্ডনের প্রথম রাতেই নেমে এলেন সাধারণের কাতারে। বোঝা গেল মাইকেল ফেল্প্সও মানুষ। সবচেয়ে আলোচিত লড়াইয়ে জিতলেন রায়ান লোকিট। ইতিহাসে নাম লেখালেন সুন ইয়াং, চীনের প্রথম পুরুষ সাঁতারু হিসেবে সোনা জিতে। লন্ডন অ্যাকুয়াটিক সেন্টারের প্রথম রাতটি তাঁদের কারও নয়। চীনের ১৬ বছর বয়সী এক বিস্ময়বালিকার ঔজ্জ্বল্যে ম্লান হয়ে গেছেন আর সবাই। ৪০০ মিটার ব্যক্তিগত মিডলেতে বিশ্ব রেকর্ড গড়ে সোনা জিতেছেন ইয়ে শিউয়েন। শরীরের তুলনায় অস্বাভাবিক লম্বা হাত দুটির জন্য স্থানীয় এক কোচ সাঁতারে এনেছিলেন ঝেজিয়াংয়ের এই মেয়েকে। প্রকৃতিপ্রদত্ত প্রতিভাটা বোঝা গেছে পুলে নামার পর। প্রতিভা আর শারীরিক সুবিধা মিলিয়ে উঠে এসেছেন তরতর করে। পরশু নিজেকে চেনালেন বিশ্বমঞ্চে। দারুণ কিছুর ইঙ্গিত দিয়েছিলেন হিটেই। তৃতীয় হিটে নিয়েছিলেন বছরের সেরা সময় (৪ মিনিট ২৮.৪৩ সেকেন্ড)। মূল প্রতিযোগিতায় তো সবাইকে চমকেই দিলেন। শুধু বিশ্ব রেকর্ড বললেই বোঝানো যাচ্ছে না ইয়ের কীর্তি। ১.০২ সেকেন্ড সময় কম নিয়েছেন আগের রেকর্ডের চেয়ে! বেইজিং অলিম্পিকে ৪ মিনিট ২৯.৪৫ সেকেন্ড সাঁতরে বিশ্ব রেকর্ড গড়েছিলেন অস্ট্রেলিয়ার স্টেফানি রাইস। ইয়ে সময় নিয়েছেন ৪ মিনিট ২৮.৪৩ সেকেন্ড। পদক দূরে থাক, রাইস এবার হয়েছেন ষষ্ঠ! প্রথম তিন লেগে কিন্তু পিছিয়েই ছিলেন ইয়ে। কিন্তু বাজিমাত করেছেন নিজের প্রিয় ফ্রি-স্টাইল লেগে অসাধারণ সাঁতরে। গোটা বিশ্বকে চমকে দিয়ে ইয়ে চমকে দিয়েছেন নিজেকেই, ‘সোনা জয়ের স্বপ্ন আমার ছিল, কিন্তু বিশ্ব রেকর্ড ভাঙার মতো কিছু কল্পনাতেও ছিল না। আমি অভিভূত!’বয়স আর বিশ্ব রেকর্ড মিলিয়ে পাদপ্রদীপের আলোটা কেড়ে নিয়েছেন ইয়ে। তবে সুনের কীর্তিটাও কি কম? প্রতিটি ক্ষেত্রে নিজেদের ছাড়িয়ে যাওয়ার যে লড়াই চীনাদের, এবার সুন যেন সেটারই প্রতীক। প্রথম চীনা পুরুষ হিসেবে সাঁতারে সোনা জিতে খুলে দিলেন নতুন দিগন্ত। ৪০০ মিটার ফ্রি-স্টাইল জিতেছেন অলিম্পিক রেকর্ড গড়ে। আনন্দকান্নায় পরে জানালেন স্বপ্নপূরণের কথা, ‘অসাধারণ অনুভূতি, বলে বোঝানোর মতো নয়। বড় একটা স্বপ্ন পূরণ হলো।’৪০০ মিটারে ফেবারিট ছিলেন বেইজিংয়ের সোনাজয়ী পার্ক তে-হোয়ান। কিন্তু হিটে ডিসকোয়ালিফাইড হয়ে গিয়েছিলেন কোরিয়ান এই সাঁতারু। পরে আপিল করে জিতলেও পুলের লড়াইয়ে পেরে ওঠেননি সুনের সঙ্গে। ৩ মিনিট ৪০.১৪ সেকেন্ড সময় নিয়েছেন সুন, পার্ক নিয়েছেন ৩ মিনিট ৪২.০৬ সেকেন্ড।৪–১০০ মিটার রিলেতে অস্ট্রেলিয়াকে সোনা এনে দিয়েছেন অ্যালিসিয়া কুটস, কেট ক্যাম্পবেল, ব্রিটানি এমসলি ও মেলানি স্ল্যাঞ্জার। রুপা জিতেছে হল্যান্ড, ব্রোঞ্জ যুক্তরাষ্ট্র। কাল মেয়েদের ১০০ মিটার বাটারফ্লাইয়ে বিশ্ব রেকর্ড করে সোনা জিতেছেন যুক্তরাষ্ট্রের ডানা ভলমার। এএফপি।