সাঁতারে নতুন চমক লেডেকি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাইকেল ফেল্পেসর অবসরের পর প্রথম বৈশ্বিক প্রতিযোগিতা। কিন্তু ফেল্প্সকে নিয়ে হা-পিত্যেশ করার সময় কই যুক্তরাষ্ট্রের! বার্সেলোনায় বিশ্ব সাঁতার চ্যাম্পিয়নশিপে আধিপত্য যে দেশটির প্রতিযোগীদেরই। পরশু যুক্তরাষ্ট্রকে আরেকটি স্মরণীয় রাত উপহার দিলেন কেটি লেডেকি। ষোড়শী এই সাঁতারু ভেঙেছেন ১৫০০ মিটার ফ্রিস্টাইল সাঁতারের বিশ্ব রেকর্ড। পরশু যুক্তরাষ্ট্র জিতেছে আরও দুটি সোনা। পুলে আমেরিকানদের এই দাপটের মধ্যেও নিজেকে আলাদা করে চিনিয়েছেন লিথুনিয়ার আরেক ষোড়শী রুতা মেইলুতিতে। সোমবার ১০০ মিটার ব্রেস্টস্ট্রোকের হিটে বিশ্ব রেকর্ড করা মেইলুতিতে পরশু ফাইনালে রেকর্ড করতে না পারলেও এই ইভেন্টের ইতিহাসে দ্বিতীয় সেরা টাইমিং করেই লিথুনিয়াকে বিশ্ব সাঁতারে প্রথম সোনা এনে দিয়েছেন।মেইলুতিতের চেয়ে বয়সে মাত্র দুই দিনের বড় লেডেকি ভেঙেছেন স্বদেশি কেট জিগলারের ছয় বছরের পুরোনো রেকর্ড। ১৫ মিনিট ৩৬.৫৩ সেকেন্ড সময় নিয়েছেন লেডেকি, যেটা পুরোনো রেকর্ডের চেয়ে ৬ সেকেন্ড কম। জিগলারের পুরোনো রেকর্ডের চেয়ে কম সময় নিয়েছেন দ্বিতীয় হওয়া ডেনমার্কের লটা ফ্রিসও। ওয়াশিংটন ডিসিতে জন্মানো লেডেকি এর আগে সর্বকালের দ্বিতীয় সেরা সময়ে জিতেছেন ৪০০ মিটার ফ্রিস্টাইলও।মার্কিন আধিপত্যের রাতে ১০০ মিটার ব্যাকস্ট্রোক থেকে প্রথম ব্যক্তিগত সোনা জিতেছেন মিসি ফ্র্যাঙ্কলিন। বেইজিং অলিম্পিকে মাইকেল ফেল্পেসর গড়া আট সোনা জয়ের রেকর্ড ছোঁয়ার অভিযানে নামা অষ্টাদশীর এটা দ্বিতীয় সোনা। কাল অবশ্য ২০০ মিটার ফ্রিস্টাইলে মনোযোগ দেওয়ার জন্য ৫০ মিটার ব্যাকস্ট্রোকের সেমিফাইনাল থেকে নাম প্রত্যাহার করে ফেল্প্সকে ছোঁয়ার আশা বাদ দিয়েছেন। তবে ২০০ মিটার ফ্রিস্টাইলটা জিতে তৃতীয় সোনাটা ঠিকই পেয়ে গেছেন ফ্র্যাঙ্কলিন। ছেলেদের ১০০ মিটার ব্যাকস্ট্রোক থেকে যুক্তরাষ্ট্রকে পরশু তৃতীয় সোনাটি এনে দিয়েছেন ম্যাট গ্রেভার্স। কাল দ্বিতীয় সোনা জিতেছেন চীনের সুন ইয়াং। রোববার ৪০০ মিটার ফ্রিস্টাইল জয়ের পর কাল ৮০০ মিটার ফ্রিস্টাইল জিতেছেন ২১ বছর বয়সী এই সাঁতারু। ২০০ মিটার বাটারফ্লাই ও ৫০ মিটার ব্রেস্টস্ট্রোক জিতেছেন দুই দক্ষিণ আফ্রিকার চাড লে ক্লস ও ক্যামেরন ভ্যান ডার বার্গ। এএফপি।