সাঁতারে নৌবাহিনীর রাজত্ব
তৃতীয় দিনেও মিরপুর সুইমিং পুলে আধিপত্য ধরে রেখেছেন নৌবাহিনীর সাঁতারুরা। তিন দিনে ২৮টি ইভেন্টের ১৬টি সোনাই জিতেছেন তাঁরা, পাশাপাশি ১৩টি রুপা ও ছয়টি ব্রোঞ্জ জিতে সাঁতারের পদক তালিকায় শীর্ষেও নৌবাহিনী। গত বছরের জাতীয় চ্যাম্পিয়ন সেনাবাহিনী সাতটি সোনা, পাঁচটি রুপা ও পাঁচটি ব্রোঞ্জ নিয়ে দ্বিতীয় স্থানে। পাঁচটি সোনা, তিনটি রুপা ও ১২টি ব্রোঞ্জ জিতে তৃতীয় স্থানে বিকেএসপি। বরাবর মহিলা বিভাগে দাপট দেখানো বাংলাদেশ আনসার এখন পর্যন্ত জিততে পারেনি একটি সোনাও।দুটি জাতীয় রেকর্ড হয়েছে কাল—ছেলেদের ১৫০০ মিটার ফ্রি স্টাইলে সেনাবাহিনীর জুয়েল আহমেদ (১৭ মিনিট ২৪.২৪ সেকেন্ড) ও মেয়েদের ৫০ মিটার বাটারফ্লাইয়ে বিকেএসপির পাপিয়া আক্তার (৩১.৯৬ সেকেন্ড)। মেয়েদের ৮০০ মিটার ফ্রি স্টাইলের সোনা নৌবাহিনীর নাজমা খাতুনের। ২০০ মিটার ব্যাকস্ট্রোকে ছেলেদের বিভাগে সেনাবাহিনীর জুয়েল আহমেদ ও মেয়েদের বিভাগে সোনিয়া আক্তার সোনা জিতেছেন। ৫০ মিটার ব্রেস্টস্ট্রোকে ছেলেদের বিভাগে সোনার পদক সেনাবাহিনীর শাহজাহান আলীর ও মেয়েদের বিভাগে নৌবাহিনীর মাহফুজা খাতুনের। ৫০ মিটার বাটারফ্লাইয়ে নৌবাহিনীর অনিক ইসলাম সোনা জিতেছেন। ২০০ মিটার ফ্রি স্টাইল রিলের পুরুষ ও মহিলা দুটি বিভাগের সোনাই নৌবাহিনীর। আজ সাঁতারের শেষ দিন।টিটির সোনা হাসিব ও সোমার: পুরুষ এককে চট্টগ্রাম জেলার হ্যামলেটকে ৪-১ সেটে হারিয়ে সোনা জিতেছেন আনসারের হাসিব। মহিলা এককের ফাইনালে সোমাও ৪-১ সেটে হারিয়েছেন আনসার সতীর্থ রুমিকে।ক্রিকেট: বগুড়া শহীদ চান্দু স্টেডিয়ামে চট্টগ্রাম বিভাগকে (১৬৫/৯) ৫ উইকেটে হারিয়ে সেমিফাইনালে উঠেছে ঢাকা মহানগর (১৬৬/৫)। অন্য ম্যাচে সিলেট বিভাগকে ৬ রানে হারিয়ে শেষ চারে উঠেছে রাজশাহী বিভাগ (১৪০/৬)। দলগত দাবা: উদ্বোধনী দিনে চট্টগ্রাম ৩-১ পয়েন্টে বরিশালকে, গোপালগঞ্জ ৪-০ পয়েন্টে পুলিশকে হারিয়েছে।বাস্কেটবল: প্রথম দিনে জিতেছে সেনাবাহিনী, নৌবাহিনী, বিজিবি ও বিকেএসপি।