সাঁতারে ফিরছেন ফেল্প্স!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রিয়ালিটি শো থেকে গলফ কোর্স—সাঁতার ছাড়ার পর সবখানেই আছেন মাইকেল ফেল্প্স। কিন্তু তাতেও মন ভরছে না সর্বকালের অন্যতম সেরা এই অলিম্পিয়ানের। গত লন্ডন অলিম্পিকে অবসর নেওয়া ২৭ বছর বয়সী সাঁতারু আবার নামতে চান সাঁতারপুলে। এনবিসির অনুমোদিত টিভি চ্যানেল ডব্লুবিবিএইচ-এর ওয়েবসাইটে পরশু দেওয়া হয়েছে ফেল্পেসর সাঁতারে ফেরার খবর।ফেল্প্সকে নিয়ে এনবিসি টেলিভিশনের সহযোগী প্রতিষ্ঠান ডব্লুবিবিএইচে তিন অনুচ্ছেদের প্রতিবেদন তৈরি করেছেন পিটার বুশ। এই নামটাই খবরটিকে বেশি বিশ্বাসযোগ্য করে তুলেছে। কারণ পিটার হলেন যুক্তরাষ্ট্রের জাতীয় সাঁতার দলের পরিচালক ফ্রাঙ্ক বুশের ছেলে। কোনো সূত্রের উল্লেখ ছাড়াই ওই প্রতিবেদনে বলা হয়েছে, সাঁতারে ফিরছেন মাইকেল ফেল্প্স। তাঁর চোখে ২০১৬ সালের রিও ডি জেনিরো অলিম্পিক।খবরটি বেশ চাঞ্চল্যের সৃষ্টি করেছে আমেরিকার সাঁতারে। তবে এটা নিয়ে এখনো কোনো বিবৃতি দেয়নি যুক্তরাষ্ট্রের সাঁতার কর্তৃপক্ষ। অলিম্পিকে ১৮টি সোনা আর সব মিলিয়ে ২২টি পদকজয়ী ফেল্প্স কি আসলেই ফিরছেন সাঁতারে? বিশ্বজুড়ে হাজারো ভক্তের এমন কৌতূহলের মুখে শেষ পর্যন্ত মুখ খুলতে হয়েছে ফেল্প্সকে। যাঁরা তাঁকে আবার সাঁতারপুলে দেখার আশায় রোমাঞ্চিত হয়েছিলেন তাঁদের হতাশ করে ফেল্প্স টুইট করেছেন, ‘ফিরে আসা নিয়ে এত এসএমএস পাচ্ছি কেন? লোকেরা যা শোনে, যা পড়ে সত্যিই কি তারা সব বিশ্বাস করে?’ব্যাপারটা এখানেই চুকেবুকে যাওয়ার কথা। কিন্তু কেউ কেউ বলছেন ফেল্প্স তাঁর টুইটে সাঁতারে ফেরা না-ফেরার ব্যাপারটি ঠিক পরিষ্কার করেননি। আর ডব্লুবিবিএইচের ওয়েবসাইটে বিস্ফোরক খবর দিয়েছেন যিনি, সেই পিটার বুশ বলছেন, ‘আমি আমার তথ্য নিয়ে খুবই আত্মবিশ্বাসী। দেখা যাক কী হয়!’ ওয়েবসাইট।