সাঁতারে বিশ্ব রেকর্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুব কম লোকেরই ধারণা ছিল, রেকর্ডটা এত তাড়াতাড়ি ভেঙে যাবে। কমনওয়েলথ গেমসে মেয়েদের ৪×১০০ মিটার ফ্রি-স্টাইল রিলেতে বিশ্ব রেকর্ড গড়ার পর খোদ অস্ট্রেলিয়ানদেরই তা বিশ্বাস হচ্ছিল না। পরশু গ্লাসগোর টলক্রস সুইমিং সেন্টারে ৩ মিনিট ৩০.৯৮ সেকেন্ড সময় নিয়েছেন অস্ট্রেলিয়ার মেয়েরা। আগের রেকর্ড ছিল ৩ মিনিট ৩১.৭২ সেকেন্ড। ২০০৯ সালে রোম বিশ্ব চ্যাম্পিয়নশিপে পলিইউরেথেন বডিস্যুট পরে রেকর্ডটি গড়েছিলেন হল্যান্ডের মেয়েরা।
রোমে ৪৩টি বিশ্ব রেকর্ড হওয়ার পর বিশ্ব সাঁতার সংস্থা নিষিদ্ধ করে পলিইউরেথেন বডিস্যুট। এর পর থেকে কমে গেছে নতুন রেকর্ডের সংখ্যা। পাঁচ বছর পরও টিকে আছে রোমের ২১টি রেকর্ড। এএফপি, রয়টার্স।