সাঁতারে সোনিয়ার দিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রুপার বদলে পদক তিনটি সোনারও হতে পারত! কিন্তু পরশু শুকনো মুখে রুপার পদকগুলোই নেড়েচেড়ে দেখছিলেন সোনিয়া আক্তার (টুম্পা)। সাঁতারের পোশাক পরে ঘণ্টা খানেক বসে থাকার পর যখন পানিতে নেমেছিলেন, মনটাই ভেঙে গিয়েছিল নৌবাহিনীর তরুণীর। কাল সেসব ভুলে নতুন এক সোনিয়া নামলেন পানিতে। তিনটি ইভেন্টেই সোনা জিতলেন, একটিতে রেকর্ডও গড়ে।কাল মিরপুর সাঁতারপুলে দিনটি যেমন সোনিয়ার ছিল, ছিল তাঁর দল নৌবাহিনীরও। দিন শেষে ১০টি ইভেন্টের ৭টি সোনাই গেছে নৌবাহিনীতে। ১০০ মিটার বাটারফ্লাইয়ে নতুন জাতীয় রেকর্ড (১ মিনিট ১২.০৮ সেকেন্ড) গড়েছেন ঝিনাইদহের মেয়ে সোনিয়া। রেকর্ড গড়েছেন সতীর্থ মাহফিজুর রহমানও—২০০ মিটার ফ্রি-স্টাইলে সময় নিয়েছেন ২ মিনিট ০.৫৬ সেকেন্ড। নৌবাহিনীর নাজমা খাতুন সোনা জিতেছেন ২০০ মিটার ফ্রি-স্টাইলে, মাহফুজা ১০০ মিটার ব্রেস্টস্ট্রোকে। সোনিয়ার পরের দুটি সোনা এসেছে ২০০ মিটার ব্যক্তিগত মিডলে ও ১০০ মিটার ফ্রি-স্টাইল রিলেতে। ছেলেদের ১০০ মিটার ফ্রি-স্টাইল রিলেতেও সোনা জিতেছে নৌবাহিনী। সেনাবাহিনীর জুয়েল আহমেদ ২০০ মিটার ব্যক্তিগত মিডলতে ও শাজাহান আলী ১০০ মিটার ব্রেস্টস্ট্রোকে সোনা জিতেছেন। বিকেএসপির একমাত্র সোনাটি মাহমুদুন নবীর, ১০০ মিটার বাটারফ্লাইয়ে।দিনটিকে নিজের করে নেওয়ায় সোনিয়া ছিলেন উচ্ছ্বসিত, ‘কাল (পরশু) সোনা জিততে পারিনি বলে খুব খারাপ লাগছিল। আজ সোনা জেতার লক্ষ্যেই পানিতে নেমেছিলাম। একটা রেকর্ড হয়েছে বলে আরও বেশি ভালো লাগছে।’