সাঁতারে স্কুলবালকের বিশ্ব রেকর্ড!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অলিম্পিকের জোড়া ডাবলজয়ী (১০০ ও ২০০ মিটার ব্রেস্টস্ট্রোক) কোসুকে কিতাজিমা তাঁর আদর্শ। তাঁকে দেখে জীবনের লক্ষ্যটাও ঠিক করে ফেলা—জাপানের পরবর্তী কিতাজিমা হওয়া। কিন্তু হতে চাইলেই কি আর কিতাজিমা হওয়া যায়? তবে উচ্চমাধ্যমিক পড়ুয়া আকিহিরো ইয়ামাগুচির কথা আলাদা। তাঁর প্রত্যাশা যে বাস্তবতাবিবর্জিত নয়, ১৮ বছরের এই তরুণ সেটি প্রমাণ করলেন গতকাল, জিফুতে জাপানের জাতীয় গেমসের ২০০ মিটার ব্রেস্টস্ট্রোকে নতুন বিশ্ব রেকর্ড গড়ে!ইয়ামাগুচি সময় নিয়েছেন ২ মিনিট ০৭.০১ সেকেন্ড। এই ইভেন্টে আগের বিশ্ব রেকর্ডটি ছিল ২ মিনিট ০৭.২৮ সেকেন্ডের। গত লন্ডন অলিম্পিকেই ওটি গড়েছিলেন হাঙ্গেরির ২৩ বছর বয়সী ডানিয়েল গুর্তা। স্কুলবালকের নতুন বিশ্ব রেকর্ড গড়াটা রীতিমতো বিস্ময়ের। কিন্তু নিজের সাফল্যে মোটেও বিস্মিত নন ইয়ামাগুচি, তাঁর লক্ষ্য ছিল টাইমিংটা আরও কমিয়ে আনা, ‘সত্যি বলতে কি, ২ মিনিট ৬ সেকেন্ডে সাঁতার শেষ করতে চেয়েছিলাম আমি।’ আন্তর্জাতিক অঙ্গনে ইয়ামাগুচি নামটা নতুন হলেও জাপানে কিন্তু তিনি মোটেও অপরিচিত নন। বয়সভিত্তিক আন্তর্জাতিক টুর্নামেন্টে সাফল্য আছে তাঁর। লন্ডন অলিম্পিকের ১০০ ও ২০০ মিটার ব্রেস্টস্ট্রোক ট্রায়ালেও অংশ নিয়েছিলেন। তৃতীয় হওয়ায় লন্ডন যাওয়া হয়নি তাঁর। তবে প্রতিভার প্রমাণ দিয়ে গত ১৭ আগস্ট উচ্চমাধ্যমিক বিদ্যালয়ের জাতীয় মিটে ২০০ মিটার ব্রেস্টস্ট্রোকে টাইমিং করেছিলেন ২ মিনিট ৭.৮৪ সেকেন্ড। সেবার বিশ্ব রেকর্ড গড়তে না পারলেও এবার পারলেন। বিশ্ব সাঁতারে নিজের আগমনী বার্তাটাও জানিয়ে দিলেন ইয়ামাগুচি, ‘আগামী বছর অনুষ্ঠেয় বিশ্ব চ্যাম্পিয়নশিপের দিকে তাকিয়ে আছি আমি। (কোসুকে) কিতাজিমার মতো আমি সফল সাঁতারু হতে চাই।’ এএফপি।