সাঁতারে স্কোরবোর্ড থাকছে
অবশেষে চালু করা হয়েছে সাঁতারের ইলেকট্রনিক স্কোরবোর্ড। ২২ কোটি টাকার বাংলাদেশ গেমসের শুরু থেকেই বলা হচ্ছিল হাতঘড়িতে দেখা হবে সাঁতারের টাইমিং। তবে সমালোচনার মুখে পড়া বিওএ কর্মকর্তাদের শেষ পর্যন্ত বোধোদয় হয়েছে। তাঁদের আর্থিক সহযোগিতায় মিরপুর সুইমিং পুলের স্কোরবোর্ড সচল করা হয়েছে বলে কাল জানালেন ফেডারেশনের নতুন সাধারণ সম্পাদক রফিজ উদ্দিন।ভেন্যু ও অন্যান্য সরঞ্জামের সংস্কারের কাজগুলো অবশ্য ঢিমেতালেই চলছে। তবে এরই মধ্যে কাল নিয়মিত সংবাদ সম্মেলনে বিওএ কর্মকর্তারা জানালেন, গেমসের ইভেন্ট সংখ্যা কমেছে। লোগো ও মাসকট উন্মোচনের দিনে জানানো হয়েছিল ৩৫৬টি ইভেন্টে খেলা হবে। তবে কাল জানা গেল, সংখ্যাটা ৩৪৬। ‘ফেডারেশনগুলো প্রাথমিক পর্যায়ে গণনায় ভুল করেছিল। এই ভুলের দায় অবশ্য আমরা স্বীকার করে নিচ্ছি ’—সংবাদ সম্মেলনে জানাচ্ছিলেন টেকনিক্যাল কমিটির সদস্যসচিব উইং কমান্ডার রফিকুল ইসলাম। মোট ৩৪৬টি ইভেন্টে সমানসংখ্যক সোনার জন্য লড়বেন অ্যাথলেটরা। তবে দলগত ইভেন্টে একাধিক পদক দেওয়ার কারণে সোনার পদকসংখ্যা হবে ৬৯৯টি। সমানসংখ্যক ইভেন্টে একইভাবে রুপার পদকের জন্যও লড়াই হবে। তায়কোয়ান্দো, স্কোয়াশ, বক্সিংয়ের মতো কিছু খেলায় সেমিফাইনাল নিশ্চিত হলেই দেওয়া হয় ব্রোঞ্জ। এ কারণে ব্রোঞ্জের সংখ্যা ৪৭৭টি। পদকগুলোর জন্য গেমসে লড়বেন ছয় হাজার ৮৫৫ জন অ্যাথলেট। তবে এ সংখ্যা আরও বাড়তে পারে।বিরোধী দলের আশায় বিওএ: দেশের চলমান রাজনৈতিক অস্থিরতায় গেমস নিয়ে এখনো শঙ্কায় আয়োজকেরা। তবে সেটা মুখে স্বীকার করতে রাজি নন কেউই। কালও বিরোধীদলীয় নেতা খালেদা জিয়ার সঙ্গে দেখা করার কথা ছিল বিওএ কর্মকর্তাদের। কিন্তু ১৮ দলের জরুরি বৈঠকের কারণে দেখা করা সম্ভব হয়নি। গেমসের স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান হারুনুর রশিদ জানিয়েছেন, ‘তাঁরা সবাই এই মুহূর্তে ব্যস্ত। তাই আমাদের আনুষ্ঠানিকভাবে চিঠি পাঠিয়ে দিতে বলেছেন। আমরা সেটাই করেছি। সুযোগ বুঝে হয়তো আমাদের ডাকবেন। তবে আমি আশাবাদী, খেলার জন্য সবাই সহযোগিতা করবে।’