সাঁতারের 'ফেরিওয়ালা'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এই শিশুদের ‘সাঁতারু’ বানিয়ে বিভিন্ন দলে সুযোগ করে দিয়েছেন মাসুদ রানা ও নীলুফার ইয়াসমিন দম্পতি। এটাই তাঁদের নেশা, কিছুটা পেশাও বটে  প্রথম আলো
এই শিশুদের ‘সাঁতারু’ বানিয়ে বিভিন্ন দলে সুযোগ করে দিয়েছেন মাসুদ রানা ও নীলুফার ইয়াসমিন দম্পতি। এটাই তাঁদের নেশা, কিছুটা পেশাও বটে প্রথম আলো

বালিকাদের ৪০০ মিটার ফ্রি স্টাইলে সোনা জিতেছে কুষ্টিয়া সাগরখালী সুইমিং ক্লাবের মরিয়ম খাতুন। গড়েছে নতুন জাতীয় রেকর্ড। কুষ্টিয়ার লালন শাহ সুইমিং ক্লাবের নয়ন আলী জিতেছে বালকদের ১০০ মিটার ফ্রি স্টাইলে। বালিকাদের ২০০ মিটার ব্যক্তিগত মিডলেতে সোনাজয়ী রাশেদা খাতুন অংশ নিচ্ছে মেহেরপুর সুইমিং ক্লাবের হয়ে।
মরিয়ম, নয়ন, রাশেদারা জাতীয় বয়সভিত্তিক সাঁতারে বিভিন্ন জেলার ও ক্লাবের হয়ে খেললেও শেকড়টা এক জায়গাতেই পোতা। এরা সবাই বগুড়ার। সারা বছর অনুশীলন করে বগুড়ার সাতমাথা পার্ক পুকুরে। অনুশীলন করান মাসুদ রানা ও তাঁর স্ত্রী নীলুফার ইয়াসমিন (সাথী)। এরপর এই সাঁতারুদের ফেরি করে বেড়ান।
সাঁতারের আবার ‘ফেরিওয়ালা’ কী? অনেক ক্লাবেরই মানসম্পন্ন সাঁতারু তৈরি করার জন্য বলার মতো কর্মসূচি নেই। টুর্নামেন্টের আগে অন্য ক্লাব থেকে চুক্তিভিত্তিক সাঁতারু নেয় সংশ্লিষ্ট ক্লাবগুলো। আর এমনই একজন সাঁতারের ‘ফেরিওয়ালা’ মাসুদ রানা।
মাসুদ নিজে সাঁতারু ছিলেন। সহধর্মিণীও তা-ই। বগুড়া জেলা শহরের সাতমাথা গোয়াল রোডে জ্বালানি তেল বিক্রির একটি দোকানও আছে তাঁদের। তবে সাঁতারু তৈরির নেশাতেই বুঁদ হয়ে আছেন ২২ বছর। এবার ঢাকায় এসেছেন ১৩ জন সাঁতারু নিয়ে। প্রথম দিনেই ৬টি সোনা, ২টি রুপা ও ২টি ব্রোঞ্জ জিতেছে তাঁদের শিষ্যরা। কাল মিরপুর সুইমিং কমপ্লেক্সে দাঁড়িয়ে মাসুদ রানা গর্বভরে বলছিলেন, ‘বিকেএসপির সাঁতারুদের হারিয়ে আমার ছেলেমেয়েরা যখন পুরস্কার নিচ্ছিল, মনে হচ্ছিল, ওটা আমিই নিচ্ছি। আসলে এখানে বাচ্চারা তো খেলে না, আমিও খেলি।’
এমন মনে হতেই পারে। এই খুদে সাঁতারুদের পেছনে তো আর কম শ্রম দেননি। এলাকার অভিভাবকেরা তাঁদের ছেলেমেয়েদের সাঁতারে পাঠাতে আগ্রহী নন। অনেক বুঝিয়ে-সুঝিয়ে আনতে হয়। শুধু ‘বুঝিয়ে-সুঝিয়ে’ই হয় না, প্রত্যেকটি ছেলেমেয়ের জন্য দিতে হয় পাঁচ হাজার টাকা। সাঁতারু রাশেদার মায়ের হাতেও টাকা তুলে দিয়ে এসেছেন। অভাবের তাড়নায় রাশেদা মাস দুয়েক আগে বগুড়া শহরে গৃহকর্মীর কাজ করত। রাশেদার মা-ও শহরের মেসবাড়িতে বুয়ার কাজ করেন। বাবা স্টেশনে ফলের দোকানদার। মেয়েকে অনুশীলনে আসতে দিতে চাইতেন না। কাল রাশেদা সোনা জেতার পর মাসুদ রানা বলছিলেন, ‘মাকে জানিয়ে দাও এই খুশির সংবাদ।’ রাশেদার উত্তর ছিল, ‘৬টা সোনা জিতে মাকে জানাব।’ অথচ মা তাকে অনুশীলনে আসতে দিতেন না বলে অভিমানে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করতে গিয়েছিল রাশেদা। ৭২ ঘণ্টা হাসপাতালে কাটানোর পর ফিরেছিল বাড়ি।
অভিভাবকদের হাতে এভাবে টাকা তুলে দিয়ে একরকম বাজিই ধরেন মাসুদ। চেষ্টা করেন ওই সাঁতারুকে দিয়ে পদক জেতানোর। নিজের কষ্টের কথা বলতে গিয়ে কেঁদেই ফেললেন মাসুদ, ‘আমি বিভিন্ন ক্লাবে গিয়ে ভিক্ষা চেয়েছি এদের জন্য। বলেছি, এদের আপনার ক্লাবে খেলার সুযোগ দেন। কেউ দেয়নি। বারবার ফিরে এসেছি।’ জানালেন বগুড়া সুইমিং সেন্টার গত দুই বছর তাঁর সাঁতারুদের খেলিয়ে ভালো ফলাফল করলেও প্রতিশ্রুত টাকা দেয়নি। সেই ক্ষোভে এবার তাদের ফিরিয়ে দিয়েছেন।
মাসুদ রানা স্বপ্ন দেখেন, একদিন হয়তো তাঁর নিজের সাঁতারের একাডেমি হবে। সেদিন কারও কাছে গিয়ে বলতে হবে না, ‘আমার ছেলেটাকে নেবেন?’