সাংবাদিককে হুমকি, ক্ষোভ-প্রতিবাদ
ক্রীড়া সাংবাদিকদের তিনটি সংগঠনের পক্ষ থেকে কাল বিসিবির সভাপতির কাছে একটি যৌথ বিবৃতি পাঠানো হয়েছে। এতে বলা হয়েছে, ‘আমরা ক্ষোভের সঙ্গে লক্ষ করছি, আপনার নেতৃত্বাধীন বোর্ডের কিছু কর্মকর্তা অব্যাহতভাবে ক্রীড়া সাংবাদিক ও গণমাধ্যমকর্মীদের সঙ্গে দুর্ব্যবহার, নাজেহাল ও নানা হুমকি-ধমকি দিয়ে আসছে।’বিবৃতিতে বলা হয়েছে, ‘দৈনিক যুগান্তরে প্রকাশিত এক খবরের সূত্র ধরে ১২ ফেব্রুয়ারি ওই পত্রিকার সাংবাদিক মহিউদ্দিন পলাশের ওপর চড়াও হন হঠাৎ করে ক্ষমতাবান বিসিবির মৌসুমি কর্মকর্তা হিসেবে পরিচিত রিয়াজউদ্দিন বাবু। একপর্যায়ে তিনি মহিউদ্দিনকে দেখে নেওয়ার হুমকি দেন। উপস্থিত লোকজন ঘটনাস্থল থেকে ওই সাংবাদিককে সরিয়ে না নিলে হয়তো নাজেহাল হতে হতো তাঁকে।’বিবৃতিতে বলা হয়েছে, ‘দেশের ক্রিকেট-সংশ্লিষ্ট সবাই কমবেশি অবগত আছেন, রিয়াজ বাবু প্রভাবশালী ব্যক্তিদের নাম ভাঙিয়ে বিসিবিতে অব্যাহতভাবে নানা অনিয়মে লিপ্ত আছেন। বিষয়টি আপনার এবং আপনার সংগঠনের দৃষ্টি এড়িয়ে যাওয়ায় আমরা বিস্মিত।’বিবৃতির শেষাংশে রিয়াজ বাবুর বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার দাবি করা হয়েছে।