সাংবাদিকের মাথা কেটে নেওয়ার হুমকি!

স্পেন-অস্ট্রেলিয়া ম্যাচ শেষে মিক্সড জোনে দাঁড়িয়ে সংবাদকর্মীরা। ফুটবলারদের প্রতিক্রিয়া নেওয়ার জন্য ওখানে অপেক্ষা করাটাই নিয়ম। যে যাঁর মতো কয়েকজনের সঙ্গে কথাও বলছিলেন। হঠাৎই শোনা গেল চিৎকার। জর্ডি আলবা এক সাংবাদিককে চেঁচিয়ে বলছেন, ‘আমি তোমার মাথা কেটে ফেলব!’
ওই সাংবাদিক তখন হতভম্ব দাঁড়িয়ে, অবাক আশপাশের সবাই। আলবা রণমূর্তি। ফিরে যেতে যেতে ঘুরে এসে ক্ষিপ্ত চেহারায় আবার বলেন, ‘শেষবারের মতো সতর্ক করলাম তোমাকে।’ ঘটনার অনেকক্ষণ পরও কারণ বুঝে উঠতে পারেননি ওই সাংবাদিক, স্প্যানিশ পত্রিকা এএস-এর হাভিয়ের গোমেজ মাতালান্স। পরে বিস্ময়ভরে সহকর্মীদের বলেছেন, ‘ওকে আমি তেমন কিছুই বলিনি। আগেও কোনো দিন ওকে নিয়ে কিছু লিখিনি বা বলিনি!’
মজার ব্যাপার হলো, দেশে ফেরার বিমানে ওই সাংবাদিকের কাছাকাছিই আসন পড়ে আলবাসহ বেশ কজন স্প্যািনশ ফুটবলারের। আলবা তখনো আরেকবার এসে মাতালান্সকে শাসিয়ে বলেন, ‘তুমি একটা ইঁদুর।’ মাতালান্সসহ অন্য স্প্যানিশ সাংবাদিকেরা প্রেক্ষাপটটা বুঝে উঠতে পারছেন না। তবে এক রসিক স্প্যানিশ সাংবাদিকের টুইট, ‘আমার মনে হয় আলবা মাতালান্সকে রোবেন মনে করে ভুল করেছে। প্রথম ম্যাচের অমন পারফরম্যান্সের পর রোবেনকেই তো এটা বলার কথা!’ ইয়াহু নিউজ।