সাংসদ টেন্ডুলকারের মহত্ত্ব
গত সোমবারে রাজ্যসভার সদস্য হিসেবে শপথ নিয়েছেন ভারতের কিংবদন্তি ক্রিকেটার শচীন টেন্ডুলকার। নিয়মানুসারে এখন একটি সরকারি বাড়ি পাবেন সর্বকালের অন্যতম সেরা এই ব্যাটসম্যান। কিন্তু এ বাড়ি নিতে অস্বীকৃতি জানিয়েছেন টেন্ডুলকার। এ বাড়ি নেওয়াটার ব্যাপারটা সাধারণ মানুষের দেওয়া করের টাকার অপচয় করার শামিল বলে মনে করেন প্রায় সবগুলো ব্যাটিং রেকর্ডের অধিকারী এই ব্যাটসম্যান।আজ শনিবার একটি টেলিভিশন চ্যানেলকে দেওয়া সাক্ষাত্কারে টেন্ডুলকার বলেছেন, ‘আমি যখন কয়েক দিনের জন্য দিল্লিতে আসব তখন আমি সরকারি বাড়িতে থাকতে আগ্রহী নই। কারণ, আমার মনে হয় এটা সাধারণ মানুষের দেওয়া করের টাকার অপচয়। আর বাড়িটা আমাকে দেওয়ার বদলে এমন কাউকে দিলে ভালো হয়, যার সত্যিই একটা বাড়ির দরকার আছে।’প্রতিবারের দিল্লি সফরে হোটেলে থাকতেই পছন্দ করবেন বলে জানিয়েছেন তিনি। বাড়ি পাওয়ার থেকে রাজ্যসভার সদস্য নির্বাচিত হওয়ায় যে সম্মানটা পেয়েছেন সেটাই উপভোগ করতে চান লিটল মাস্টার। তিনি আরও বলেছেন, ‘আমার জন্য রাজ্যসভার সদস্য নির্বাচিত হওয়াটাই একটা বিরাট সম্মান। এখন আমি এটার সুবাদে অন্যান্য সুযোগ-সুবিধা ভোগ করতে চাই না। বাড়িটা না নিলেও রাজ্যসভার সদস্য হিসেবে আমার দায়িত্ব পালনে কোনো ঘাটতি থাকবে না। আমি প্রতি অধিবেশনেই উপস্থিত হওয়ার আশা করছি।’টেন্ডুলকার রাজ্যসভার সদস্যের জন্য মনোনীত হওয়ার পর থেকেই অনেকে সংশয় প্রকাশ করেছিলেন, তিনি এ রাজনৈতিক দায়িত্বটা ঠিকঠাক পালন করতে পারবেন কি না। সেটাই দেখার বিষয় যে ক্রিকেট অঙ্গনে ভারতকে অনন্য উচ্চতায় নিয়ে যাওয়া এই ক্রিকেটার এখন রাজনৈতিক অঙ্গনেও নিজের দৃঢ়তাপূর্ণ খেলাটা খেলতে পারেন কি না।—পিটিআই