সাংসদরা আপন চরকায় তেল দিক: টেন্ডুলকার

খেলোয়াড়ি জীবনে দলের প্রতি শচীন টেন্ডুলকারের একাগ্রতা, দায়বদ্ধতা ছিল অতুলনীয়। অথচ সাংসদ হিসেবে টেন্ডুলকারের দায়বদ্ধতা নিয়ে উঠল প্রশ্ন! ২০১২ সালের জুনে ভারতীয় সংসদের উচ্চকক্ষ রাজ্যসভার সম্মানিত সদস্য হিসেবে শপথ নিয়েছিলেন ‘লিটল মাস্টার’। খেলা থেকে অবসরের পর সংসদে যাওয়ার তেমন সময়ই করে উঠতে পারেননি। এ নিয়ে রাজ্যসভার অধিবেশনে কয়েকজন সদস্য সমালোচনা করেছিলেন সর্বকালের অন্যতম সেরা ব্যাটসম্যানের। এবার সব সমালোচনার জবাব দিলেন টেন্ডুলকার।
সম্প্রতি ইংল্যান্ড থেকে দেশে ফিরে ক্রিকেট জিনিয়াস বললেন, ‘দিল্লিতে (রাজ্যসভা) আমার অনুপস্থিতি নিয়ে ব্যাপক আলোচনা হয়েছে। কোনো প্রতিষ্ঠানকে অসম্মান করি না।’ এর পরই নিজের অনুপস্থিতির ব্যাখ্যা দিলেন, ‘জরুরি পারিবারিক চিকিত্সার কারণে কিছুদিন নিভৃতে থাকতে চেয়েছি। তবে এখন আপনাদের জানানো উচিত, আমার বড় ভাই অজিতের বাইপাস সার্জারি হয়েছে। এ কারণে তাঁর পাশে আমাকে থাকতে হয়েছে।’
এরপর সাংসদদের সমালোচনা করেন টেন্ডুলকার। বললেন, ‘সংবাদমাধ্যমে তারা অনেক কিছু বলেছে। কিন্তু আমি মনে করি, নিজেদের কাজেই তাদের অধিক মনোযোগ দেওয়া উচিত, অন্য কিছুতে নয়।’
শুধু টেন্ডুলকারই নয়, রাজ্যসভার আরেক সম্মানিত সদস্য অভিনেত্রী রেখাকে নিয়েও সমালোচনা হয়েছে তাঁর অনুপস্থিতি কারণে। তবে দুজনে কোনো নিয়ম ভঙ্গ করেননি বলে জানালেন রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান পিজে কুরিয়েন। বললেন, ‘নিয়ম অনুযায়ী, কোনো সদস্য যদি অনুমতি ছাড়াই সংসদে নির্দিষ্ট সময়ে ৬০ দিন অনুপস্থিত থাকেন, তবে রাজ্যসভা তাঁর পদ “শূন্য” ঘোষণা করবে। টেন্ডুলকারের অনুপস্থিতি ৪০ দিন, রেখার তার চেয়েও কম। ফলে দুজন কোনো নিয়ম ভঙ্গ করেননি।’ সূত্র: আইএনএস।