সাইক্লিংয়ে এবার 'ট্যুর ডি বাংলাদেশ'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শুরু হতে যাচ্ছে সাইক্লিংয়ের মেগা ইভেন্ট ‘ট্যুর ডি বাংলাদেশ’। কাল রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ এডিবল অয়েল কোম্পানি লিমিটেড ও বাংলাদেশ সাইক্লিং ফেডারেশনের মধ্যে এ নিয়ে হলো একটি সমঝোতা স্মারক সই l প্রথম আলো
শুরু হতে যাচ্ছে সাইক্লিংয়ের মেগা ইভেন্ট ‘ট্যুর ডি বাংলাদেশ’। কাল রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ এডিবল অয়েল কোম্পানি লিমিটেড ও বাংলাদেশ সাইক্লিং ফেডারেশনের মধ্যে এ নিয়ে হলো একটি সমঝোতা স্মারক সই l প্রথম আলো

ট্যুর ডি ফ্রান্সের আদলে বাংলাদেশেও হবে সাইক্লিং প্রতিযোগিতা। ফ্রান্স ও এর আশপাশের দেশগুলোকে নিয়ে প্রতিবছর জুলাইয়ে হয়ে থাকে মর্যাদাকর টুর্নামেন্ট ট্যুর ডি ফ্রান্স। এবার বাংলাদেশ সাইক্লিং ফেডারেশনকে সঙ্গে নিয়ে এই স্বপ্নযাত্রা শুরু করতে যাচ্ছে টুর্নামেন্টের পৃষ্ঠপোষক বাংলাদেশ এডিবল অয়েল কোম্পানি।
এ উপলক্ষে কাল রাজধানীর একটি হোটেলে দুই পক্ষের মধ্যে সমঝোতা স্মারক সই হয়েছে। পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান বাংলাদেশ এডিবল অয়েলের পক্ষে সই করেন মহাব্যবস্থাপক ইনাম আহমেদ এবং সাইক্লিং ফেডারেশনের সাধারণ সম্পাদক ইমতিয়াজ খান। এ সময় উপস্থিত ছিলেন ডেইলি স্টার সম্পাদক মাহ্ফুজ আনাম, প্রথম আলো সম্পাদক মতিউর রহমান, এটিএন নিউজ চ্যানেলের হেড অব নিউজ মুন্নী সাহা ও পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান বাংলাদেশ এডিবল অয়েলের বিক্রয় ও বিপণন প্রধান শোয়েব মোহাম্মদ আসাদুজ্জামান।
প্রতিযোগিতা শুরু হবে নভেম্বরের তৃতীয় সপ্তাহে। চারটি স্তরে হবে খেলা। টিম টাইম ট্রায়াল ইভেন্টের প্রথম পর্ব বগুড়া থেকে টাঙ্গাইল পর্যন্ত। দ্বিতীয় পর্ব টাঙ্গাইল-ঢাকা, তৃতীয় পর্ব ঢাকা-ফেনী ও চতুর্থ পর্ব ফেনী-চট্টগ্রাম। বেসরকারি টেলিভিশন চ্যানেল এটিএন নিউজ এই প্রতিযোগিতা সরাসরি সম্প্রচার করবে।
আয়োজকেরা জানিয়েছেন, প্রথমবার এই প্রতিযোগিতায় শুধু বাংলাদেশি সাইক্লিস্টরা অংশ নেবেন। তবে আগামী বছর থেকে এটি সার্কভুক্ত দেশগুলো নিয়ে আয়োজনের চিন্তাভাবনা আছে। এডিবল অয়েলের কর্মকর্তা শোয়েব মোহাম্মদ আসাদুজ্জামান এ প্রতিযোগিতা নিয়ে নতুন কিছু করার স্বপ্ন দেখছেন, ‘বাংলাদেশের আনাচে-কানাচে তরুণেরা সাইক্লিংয়ে দারুণ উৎসাহী হয়ে উঠেছে। আমরা তাই এটি বাংলাদেশে নিয়মিত আয়োজনের পরিকল্পনা করেছি। শুধুই সাইক্লিং প্রতিযোগিতা নয়, এই প্রতিযোগিতার মাধ্যমে বিশ্ব পরিসরে বাংলাদেশকে তুলে ধরা যাবে।’