সাইক্লিংয়ের আকাশে এখনো ‘আকাশী’ রং
সাতাশ বছর ধরে খেলছেন। তবু নতুনদের ভিড়ে অপ্রতিরোধ্য এখনো আকাশি সুলতানা। কালও সোনা জিতলেন মহিলাদের ২০ কিলোমিটার ম্যাস স্টার্টে। সব মিলিয়ে জাতীয় প্রতিযোগিতায় এটা আকাশির ৪৯তম সোনা। ম্যাস স্টার্ট ইভেন্টটি মূলত বড় রাস্তায় হয়। কিন্তু কাল পয়েন্ট রেস ও ম্যাস স্টার্ট দুই বিভাগেরই খেলা হলো বঙ্গবন্ধু স্টেডিয়ামের অ্যাথলেটিকস ট্র্যাকে। ঢাকা-চট্টগ্রাম হাইওয়েতে আয়োজনের জন্য মেট্রোপলিটন পুলিশ বিভাগকে চিঠি দিয়েছিলেন ফেডারেশনের সাধারণ সম্পাদক ইমতিয়াজ আহমেদ। কিন্তু যানজটের আশঙ্কায় অনুমতি দেয়নি পুলিশ। সাইক্লিস্টদের সাইকেলগুলো আধুনিক মানের নয়। অথচ ফেডারেশনের স্টোর রুমে পড়ে আছে ১৩টি নতুন আধুনিক কোরিয়ান সাইকেল! এর মধ্যে গত সাফ গেমসের সময় কেনা হয়েছিল আটটি। আন্তর্জাতিক সাইক্লিস্ট ইউনিয়ন (ইউসিআই) থেকে উপহার হিসেবে এসেছে আরও পাঁচটি। নতুন খবর হচ্ছে, চট্টগ্রাম বন্দরে আটকে আছে আরও ২০টি সাইকেল। এগুলোও ইউসিআইয়ের উপহার। জানা গেছে, জাতীয় রাজস্ব বোর্ডের ছাড়পত্র ছাড়া এগুলো ঢাকায় আনা সম্ভব নয়। ফেডারেশনের সাইকেলগুলো অনুশীলনের জন্য চেয়েও পান না সাইক্লিস্টরা। ইমতিয়াজ আহমেদের ব্যাখ্যা, ‘এত দামি সাইকেল ওদের কাছে দিয়ে ঝুঁকি নেবে কে? যদি কোনো ক্ষতি হয়, সেই ক্ষতিপূরণ কে দেবে?’ তবে কোনো আন্তর্জাতিক টুর্নামেন্টের আগে এসব সাইকেল দিয়েই অনুশীলন করানো হয় খেলোয়াড়দের—এমনটাই দাবি করলেন তিনি।সাইক্লিস্টদের মুখে পুরোনো কথা আবারও শোনা গেল—ভেলোড্রাম নেই। সেভাবে উঠে আসছে না কোনো নতুন সাইক্লিস্ট। তাহলে আকাশিরা অবসরে গেলে কী হবে?