সাইক্লিংয়ের আর্মস্ট্রং সাঁতারপুলে
নিজের সব অর্জন, সম্মান ধুলোয় মিশে গেছে আগেই। ল্যান্স আর্মস্ট্রং ক্রীড়া ইতিহাসে শুধুই একটি কলঙ্কিত নাম এখন। সাইক্লিং থেকে আজীবন নিষিদ্ধও হয়েছেন। কিন্তু ট্র্যাক ছেড়ে এবার প্রতিভাটা পরখ করে নিতে চাইছেন তিনি পানিতে। যুক্তরাষ্ট্রের মার্শাল সাউথ সেন্ট্রাল জোনের সাঁতার প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন অপাঙেক্তয় হয়ে পড়া আর্মস্ট্রং। সেখানে ৫০০, ১০০০ ও ১৬৫০ গজের ফ্রি-স্টাইল সাঁতারে অংশ নেবেন। মজার ব্যাপার হলো, এই প্রতিযোগিতায় ৪১ বছর বয়সী আর্মস্ট্রংয়ের চেয়ে অন্য সব সাঁতারুর বয়সই বেশি। বয়সীদের সাঁতারে উৎসাহ জোগাতেই এই প্রতিযোগিতার আয়োজন। কে জানে, বুড়োদের ভিড়ে জয়টাও হয়তো পেয়ে যেতেই পারেন! আরও একটা কারণে এটা আর্মস্ট্রংয়ের জন্য ‘স্পেশাল’। নিজের শহর টেক্সাসের অস্টিনেই হচ্ছে প্রতিযোগিতাটি।আশঙ্কা ছিল, অনেকেই আর্মস্ট্রংয়ের অংশ নেওয়ার ব্যাপারে ঘোর আপত্তি তুলবে। বিশ্ব ডোপিং নির্মূল এজেন্সির নিয়মানুযায়ী সব ধরনের ‘হাই প্রোফাইল’ পেশাদার ও শৌখিন প্রতিযোগিতা থেকেই নিষিদ্ধ আর্মস্ট্রং। তবে এই প্রতিযোগিতাটা নিচু পর্যায়ের বলেই অনুমতি পেয়েছেন কলঙ্কিত এই সাইক্লিস্ট। আয়োজকেরা জানিয়েছেন, এখনো কেউ এটা নিয়ে কোনো অভিযোগ আনেনি তাদের কাছে। সে যা-ই হোক, আর্মস্ট্রং নিজেই নিজের সাঁতার-দক্ষতা নিয়ে নিশ্চিত নন। ৫০০ গজ ৫ মিনিটের মধ্যে শেষ করতে পারবেন কি না, সেটি নিয়েই সংশয়ে আছেন! ওয়েবসাইট।