সাইক্লিংয়ের ঘটনা তদন্তে কমিটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঘটনাটা শুধু লজ্জারই না, কলঙ্কেরও। পরশু খুলনায় মেয়েদের সাইক্লিংয়ের ৫০ কিলোমিটার রোড রেস ম্যাস স্টার্টে প্রতারণার কারণে সোনা জিতেও সেটি গলায় তুলতে পারলেন না বাংলাদেশের চিং বাই মার্মা। তাঁকে পেছন থেকে যে মোটরসাইকেল আরোহী ধাক্কা দিয়ে এগিয়ে দিয়েছিলেন তাঁর খোঁজও চলছে। এ জন্য বাংলাদেশ দলের শেফ ডি মিশন মিজানুর রহমান মানু, বাদল রায় ও জোবায়দুর রহমানকে নিয়ে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।দোষী ব্যক্তি কে সেটা সঠিকভাবে জানা না গেলেও, কেউ বলছেন ওই মোটরসাইকেল আরোহী ফেডারেশনেরই কোনো কর্মকর্তা। আবার স্থানীয় লোকজনের ঘাড়েও দোষ চাপাচ্ছেন কেউ। মিজানুর রহমান বললেন, ‘লোকটা কে সেটা আমরা খুব তাড়াতাড়িই বলে দেব। কাল-পরশুর মধ্যে একটা পূর্ণাঙ্গ রিপোর্ট বিওএর প্রেসিডেন্টের হাতে দেওয়ার চেষ্টা করছি। তবে যেই হোক তাকে শাস্তি দেওয়া হবে।’ ফেডারেশনের সাধারণ সম্পাদক পারভেজ হাসান এটিকে ষড়যন্ত্র বলেই উল্লেখ করছেন, ‘এটি আমাদের বিরুদ্ধে কারও ষড়যন্ত্রও হতে পারে। আমি ঢাকা এসে আপনাদের বিস্তারিত সব খুলে বলব।’ চিং বাইকে নিষিদ্ধ করা হতে পারে কি না জানতে চাইলে বলেন, ‘আমি এখনো এ ব্যাপারে কিছু শুনিনি।’ক্যাম্প কমান্ড্যান্ট আবদুর রশিদও ছিলেন ওই সময় ঘটনাস্থলে। তিনিও ওই মোটরসাইকেল আরোহীকে চেনেন না বলে দাবি করছেন, ‘আমি লোকমুখে শুনেছি স্থানীয় অতি উত্সাহী কেউ হয়তো কাজটা করেছে। তবে যেই করেছে সেটা খুবই খারাপ করেছে। আমি চিং বাইয়ের থেকে একটু সামনে ছিলাম, তাই ওই সময় কী হয়েছিল সেটা বলতে পারব না। লোকটার মাথায় হেলমেট ছিল বলে চিনতে কষ্ট হচ্ছে আমাদের।’