সাইক্লিস্ট ও কোচ লাপাত্তা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিদেশে খেলতে বা উচ্চতর প্রশিক্ষণে গিয়ে পালানোর সংস্কৃতি বাংলাদেশে অনেক পুরোনো। এবার বিদেশে গিয়ে উধাও হয়ে যাওয়ার অভিযোগ উঠেছে সাইক্লিং ফেডারেশনের এক খেলোয়াড় ও কোচের বিরুদ্ধে। গত ২ সেপ্টেম্বর সাইক্লিস্ট আজিজুল ইসলাম, ইফতেখার আলম (রিফাত) ও কোচ জাহিদ হোসেনকে (সুমন) উচ্চতর ট্রেনিংয়ের জন্য দক্ষিণ কোরিয়ার ইয়াংজু শহরে পাঠায় সাইক্লিং ফেডারেশন। ৫১ দিনের ট্রেনিং শেষে তাঁদের ফেরার কথা থাকলেও দেশে ফিরেছেন শুধু ইফতেখার।
ফেডারেশনের নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা কাল জানালেন, ‘ওরা তিনজন একই সঙ্গে গিয়েছিল কোরিয়ায়। ওদের ফিরতি বিমানের টিকিটও একই সঙ্গেই কাটা হয়েছিল। কিন্তু সিউল বিমানবন্দরে শুধু একজনকে দেখে কোরিয়ান পুলিশের সন্দেহ হয়। পরে রিফাতকে জিজ্ঞাসাবাদের জন্য ধরে নিয়ে যায় পুলিশ। কয়েক দিন তাঁকে পুলিশি নজরদারিতে রাখা হয়। মুচলেকা দিয়ে তবেই দেশে ফিরতে পেরেছেন রিফাত।’ সাইক্লিং কোচ জাহিদ হোসেনের ঘনিষ্ঠ এক বন্ধু ব্যাপারটা নিশ্চিত করে কাল বললেন, ‘সুমন যে কোরিয়ায় পালাবে সেটা আমরা আগেই জানতাম। ও বিদেশে যাওয়ার আগে আমাদের কাছে বলে গিয়েছিল আর দেশে ফিরবে না।’ বিদেশে উধাও হওয়ার প্রসঙ্গে রিফাত বললেন, ‘ওনারা দুজন সব সময় আমার কাছ থেকে আলাদা থাকতেন। আমরা পাহাড়ে সাইক্লিং করতাম। ভেলোড্রামেও করেছি। পাহাড়ে আমি তাঁদের চেয়ে অনেক আগেই উঠতাম। কিন্তু ওনারা পরে আসতেন। তবে পালানোর বিষয়ে আমি কিছু জানি না। আমার পরীক্ষা ছিল বলে আমি চলে এসেছি।’
ফেডারেশনের সাধারণ সম্পাদক ইমতিয়াজ খান বাবুল এসব অভিযোগ উড়িয়ে দিয়ে বললেন, ‘ওরা দীর্ঘমেয়াদি প্রশিক্ষণের জন্য ছুটি নিয়েছে। কেউ পালিয়ে যায়নি। তবে যদি কেউ পালায় তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’
জানা গেছে, কোরিয়ার এই উচ্চতর প্রশিক্ষণের জন্য দল পাঠানোর প্রক্রিয়ায় স্বচ্ছতা ছিল না। অভিযোগ আছে, বাংলাদেশ গেমসের সেরা সাইক্লিস্টদের সুযোগ না দিয়ে ফেডারেশনের সাধারণ সম্পাদকের আস্থাভাজন কোচের পুত্র ইফতেখারকে সুযোগ দেওয়া হয়েছে। অথচ ইফতেখারের জাতীয় পর্যায়ে উল্লেখ করার মতো তেমন কোনো সাফল্য নেই।