সাইফুলই ভরসা বাফুফের!
সাইফুল বারী বাফুফের বারান্দায় পায়চারী করছেন। একটু চিন্তিত দেখাচ্ছে তাঁকে। দুই দিন পর নেপাল যাবেন অনূর্ধ্ব-২৩ ফুটবল দল নিয়ে। কিন্তু তাঁর হাতে খেলোয়াড় মাত্র ১৫ জন! ২০ জন খেলোয়াড়কে ডেকেছিলেন। সবাইকে পেলে সমস্যা ছিল না। কিন্তু শেখ রাসেল ও শেখ জামাল তাদের খেলোয়াড় না ছাড়ায় জাতীয় দলের এই আপৎকালীন কোচ সাকল্যে খেলোয়াড় পেলেন মাত্র ১২ জন। কাল উপায়ান্তর না দেখে নতুন করে খেলোয়াড় ডাকলেন আরও তিনজন। শেষ পর্যন্ত না হয় জোড়াতালি দিয়ে একটা দল দাঁড় করাবেন। বাংলাদেশে সবই শেষ সময়ে হয়, এটা আর নতুন কী? কিন্তু সমস্যা বেধেছে সাইফুল বারীকে নিয়েই। তিনি মোহামেডানের কোচ আবার জাতীয় দলেরও কোচ। দুটি দায়িত্ব চালাতে গিয়ে তাঁর অবস্থা যেমন হিমশিম, অন্যদিকে এটা তুলে দিচ্ছে বিতর্কও। সেটি এমনই যে, কাল বাফুফের জরুরি সভায় বিপণন নির্বাহী নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত নিয়ে কথা বলতে বসে সাংবাদিকদের প্রশ্নবাণে জর্জরিত হলেন জ্যেষ্ঠ সহসভাপতি সালাম মুর্শেদী। একজন ক্লাব কোচকে একই সঙ্গে জাতীয় দলের দায়িত্ব দেওয়া যায় কি না, দিলে তিনি যদি তাঁর ক্লাবের খেলোয়াড়দের প্রতি পক্ষপাতিত্ব করেন...ইত্যাদি সব প্রশ্ন। প্রশ্নটা এর আগে ওঠেনি, কারণ ধারণা করা হচ্ছিল, বিপদে পড়েই সাইফুল বারীকে একটা সফরের দায়িত্ব দেওয়া হয়েছে। সেটি ছিল সম্প্রতি নেপালে নেপাল জাতীয় দলের সঙ্গে বাংলাদেশ জাতীয় দলের প্রদর্শনী ম্যাচ। কিন্তু সাইফুল বারীকে আবারও জাতীয় দলের দায়িত্ব দেওয়ায় স্বাভাবিকভাবেই প্রশ্ন আসছে, এই অন্তর্বর্তীকালীন কোচ দিয়েই কী চালিয়ে যাবে বাফুফে? নেপালের পোখরায় ৬-১০ নভেম্বর স্থানীয় শাফালা কাপে বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দলের কোচ করা হয়েছে সাইফুলকে। ১৮ নভেম্বর ব্যাংককে থাইল্যান্ডের সঙ্গে বাংলাদেশ জাতীয় দলের প্রদর্শনী ম্যাচ, ডিসেম্বরে অনূর্ধ্ব-২৩ দলের শ্রীলঙ্কা সফরেও কোচের দায়িত্ব দেওয়া হয়েছে সাইফুলকে। বাফুফে আর কত দিন অন্তর্বর্তীকালীন কোচ দিয়ে চালিয়ে যাবে? প্রশ্নটা আসলে করা উচিত বাফুফের জাতীয় দল কমিটির প্রধান কাজী নাবিল আহমেদকে। তিনি অক্টোবরের মধ্যে বিদেশি কোচ আনার প্রতিশ্রুতি দিয়েছিলেন। কিন্তু কোচ আনার নামগন্ধও নেই। বিদেশে থাকায় নাবিলের সর্বশেষ বক্তব্য পাওয়া যায়নি। সালাম মুর্শেদী এ বিষয়ে একমত হলেন, একজন ক্লাব কোচকে নিয়ে এভাবে টানা-হেঁচড়া করাটা ঠিক হচ্ছে না, ‘এটা একটা সমস্যাই। বিষয়টা নিয়ে সভাপতির সঙ্গে কথা বলে শিগগিরই আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নেব।’ দুটি কাজ একসঙ্গে যিনি করছেন, তাঁর কাছেও এটা একটা চাপ। যদিও তা নিজের জন্য ইতিবাচক হিসেবেই দেখছেন সাইফুল, ‘দুটি কাজ একসঙ্গে চালিয়ে গেলে চাপ তো পড়বেই। তবে এটাকে আমি আমার অভিজ্ঞতা অর্জনের উপলক্ষ হিসেবে দেখি।’ এর পর যোগ করলেন, ‘এখানে বিচার্য হওয়া উচিত আমার কাজ। সেটা ঠিকমতো হচ্ছে কি না, তা দেখা যেতে পারে। ফেডারেশন চাইলে দুটি কাজ চালিয়ে যেতে আমার সমস্যা নেই।’সাইফুল বারীর কাজ নিয়ে সন্তুষ্ট ফেডারেশন। প্রশ্নটা তাঁর কাজ নিয়ে নয়, এভাবে অন্তর্বর্তীকালীন কোচ দিয়ে তো বেশি দিন চালানো যাবে না, সেটিই মূল ব্যাপার। সালাম মুর্শেদীর পাশে বসে বাফুফের সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান সদস্য হারুনুর রশিদ এর সঙ্গে একমত পোষণ করলেন, ‘সাইফুল বারীকে আবার দায়িত্ব দেওয়া ঠিক হয়নি। একটা টুর্নামেন্টে ঠিক আছে, কিন্তু এভাবে তো বেশিদিন চলতে পারে না।’ক্লাব খেলোয়াড় ছাড়ে না, দীর্ঘমেয়াদি কোনো বিদেশি কোচ নেই। সব মিলিয়ে ফুটবলে একটা বিশৃঙ্খলাই চলছে।