সাইফুলের লাঞ্ছনায় কোচরা ক্ষুব্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মোহামেডানের কোচ সাইফুল বারীকে (টিটু) লাঞ্ছনার ঘটনায় ক্ষুব্ধ হয়ে উঠেছে কোচ সমাজ। এ ঘটনার দ্রুত বিচার চেয়ে পেশাদার ফুটবল লিগ কমিটিকে চিঠি দিয়েছে বাংলাদেশ কোচেস অ্যাসোসিয়েশন। সংগঠনের সভাপতি জাতীয় দলের সাবেক কোচ হাসানুজ্জামান খান নিজে কাল বঙ্গবন্ধু স্টেডিয়ামের প্রেসবক্সে এসে সাংবাদিকদের কাছে এর একটি অনুলিপি দিয়েছেন। তাতে ঘটনার নিন্দা জানিয়ে অবিলম্বে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাওয়া হয়েছে।পরশু বঙ্গবন্ধু স্টেডিয়ামে ফেডারেশন কাপে মোহামেডান-শেখ রাসেল প্রথম সেমিফাইনাল শেষে ঘটে ওই অপ্রীতিকর ঘটনা। ম্যাচ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে মোহামেডানের হাজার কয়েক উগ্র সমর্থক মাঠে ঢুকে মোহামেডানের কোচকে কিল-ঘুষি মারে। সাইফুল বারী মাথায় আঘাত পান। সমর্থকদের হাত থেকে নিস্তার পাননি মোহামেডানের গোলরক্ষক কোচ নিজাম মজুমদারও।সবচেয়ে অবাক করা ব্যাপার, মাঠে কোচ-খেলোয়াড়দের নিরাপত্তা দেওয়ার দাবি অনেক পুরোনো হলেও বাফুফে নির্বিকার। বাফুফের কর্মকর্তারা তো বটেই, তাঁর ক্লাবও সাইফুল বারীকে তাৎক্ষণিকভাবে লাঞ্ছনা থেকে বাঁচাতে পারেনি। তবে কাল মাহামেডানের কর্মকর্তা সাইফুল বারীর বাসায় গিয়ে তাঁকে সহানুভূতি জানিয়েছেন। সাইফুল বারী কাল সারা দিনই বাসায় ছিলেন। পরিবার চায় না, তিনি আর কোচিং পেশায় থাকুন। সাইফুল বলেন, ‘আমি কোচিং চালিয়ে যেতে চাইলেও পরিবারের কেউ চাইছে না। ভালোই বিপাকে পড়ে গেছি।’মজার ব্যাপার, নভেম্বরে থাইল্যান্ডে জাতীয় দল এবং ডিসেম্বরে অনূর্ধ্ব-২৩ দলের শ্রীলঙ্কা সফরের জন্য তিন দিন আগেই সাইফুল বারীকে বাংলাদেশ দলের প্রধান কোচ নিয়োগ করেছে বাফুফে। গত মাসে জাতীয় দলের নেপাল সফরেও জাতীয় দলের কোচ ছিলেন তিনি। অথচ সেই কোচকেই মাঠে মার খেতে হয়!ওদিকে পেশায় নিরাপত্তা হারিয়ে কোচরা কিংকর্তব্যবিমূঢ়। প্রবীণ কোচ ওয়াজেদ গাজী পরশুর ঘটনা নিয়ে ভীষণ ক্ষুব্ধ, ‘কোচ নিগ্রহ ফুটবলে একটা অশুভ লক্ষণ। টিটু একা মার খায়নি, এই আঘাত পুরো কোচ সমাজের ওপরই। আগামীকাল যে আমি মার খাব না, সেই নিশ্চয়তা কে দেবে?’ প্রশ্ন করে বিজেএমসির এই উপদেষ্টা কোচ নিজেই দিলেন উত্তর, ‘বাফুফে প্রতিকার করবে! তারা তো মাঠেই যায় না। দর্শক আসতে শুরু করেছে মাঠে, এটাকে কাজে লাগানোর কোনো পরিকল্পনা তো ফেডারেশনের দেখি না।’মুক্তিযোদ্ধার কোচ শফিকুল ইসলামের (মানিক) প্রতিক্রিয়াও প্রায় অভিন্ন, ‘এক দিন আগেই ফেডারেশন বলেছে মাঠে নিরাপত্তা বাড়ানো হবে। পরদিনই ঘটল আরও বড় অঘটন। এই দায় ফেডারেশনের।’ শেখ রাসেল কোচ মারুফুল হকের কথা, ‘সমর্থক নামধারী কিছু উগ্র লোকের এমন আচরণ মেনে নেওয়া যায় না। ফেডারেশনের দায়িত্ব মাঠে সবার নিরাপত্তা দেওয়া। কিন্তু তারা ব্যর্থ হয়েছে। তবে এটাও দুঃখজনক, আমরা কোচরা এক পতাকাতলে আসতে পারি না।’কোচেস অ্যাসোসিয়েশন নামে থাকা সংগঠনটি বাফুফের মুখাপেক্ষী হয়ে থাকে। এ অবস্থায় কোচদের দাবিদাওয়া আদায় বা কোচিংয়ের মানোন্নয়নে কোনো কাজ করতে পারছে না সংগঠনটি। তাই ‘লিগ কোচেস অ্যাসোসিয়েশন’ নামে একটি নতুন সংগঠন আত্মপ্রকাশ করতে চলেছে। এর অন্যতম উদ্যোক্তা মারুফুল হক।