ভারতীয় উইকেট পেসারদের বন্ধু নয় কখনোই। চিন্নাস্বামীর উইকেটে কাল স্পিনারদের জন্যও বলার মতো কোনো টার্ন ছিল না। তার পরও কাল বল হাতে আগুন ঝরালেন এক পেসার। এক স্পিনার দেখালেন ঘূর্ণিবলের জাদু। ক্যারিয়ার-সেরা বোলিং (৭/৬৪) করে নিউজিল্যান্ডকে অভাবিতভাবে লিড এনে দিয়েছিলেন টিম সাউদি। দিন শেষে সাউদি ও তাঁর সতীর্থদের সেই আনন্দ অনেকটাই মুছে গেছে রবিচন্দ্রন অশ্বিনের স্পিনে।দিনটা শুরু হয়েছিল বিরাট কোহলির দ্বিতীয় টেস্ট সেঞ্চুরি দিয়ে। কিন্তু এরপর পুরো দিনটাই বোলারদের। আগের দুই দিন মিলিয়ে উইকেট পড়েছিল ১৫টি, আর শুধু কালকের দিনটিই দেখল ১৪ উইকেটের পতন! প্রথম ইনিংসের ১২ রানের লিড মিলিয়ে দিন শেষে ২৪৪ রানে এগিয়ে নিউজিল্যান্ড, উইকেটে শেষ জুটি। এই মাঠে ২০৭ রানের বেশি তাড়া করে জয়ের ইতিহাস নেই, চতুর্থ ইনিংসে সর্বোচ্চ রান ২৩৯। দুই দলের শক্তিমত্তা বিবেচনায় তবু খানিকটা এগিয়ে রাখতে হবে ভারতকে। তবে নিজেদের সেই লড়াকু পরিচয় ফিরে পাওয়া কিউইরা নিশ্চয়ই ছেড়ে কথা বলবে না! আজ তাই রোমাঞ্চকর একটি দিনের আশা করাই যায়।প্রথম ইনিংসে দারুণভাবে ঘুরে দাঁড়ানো কিউই ব্যাটিং দ্বিতীয় ইনিংসে সেই পুরোনো চেহারায়। আবারও বাজে শটের মহড়া, থিতু হয়ে উইকেট বিলিয়ে আসা। ছয়জন ব্যাটসম্যান পেরিয়েছেন ২০, কিন্তু সর্বোচ্চ স্কোর মাত্র ৪১! দুই ওপেনারকে ফিরিয়েছেন উমেশ যাদব। ফুলটসে দৃষ্টিকটুভাবে বোল্ড গাপটিল, উইকেটের পেছনে ক্যাচ দিয়েছেন ম্যাককালাম। এরপর নিয়ন্ত্রণ নিয়েছেন ভারতের স্পিন জুটি। প্রথম ইনিংসের সেঞ্চুরিয়ান রস টেলর টেস্টে তিন হাজার রানের মাইলফলক ছোঁয়ার পরপরই আবার ওঝাকে সুইপ করতে গিয়ে এলবিডব্লু। ফ্লিন যথারীতি ত্রিশে আউট অশ্বিনের বলে। ষষ্ঠ উইকেটে ফ্রাঙ্কলিন-ফন উইকের ৫৫ রানের জুটির পর ২৭ রানের মধ্যে নেই ৪ উইকেট। দেশের মাটিতে পাঁচ টেস্টে পঞ্চমবার ইনিংসে ৫ উইকেট তুলে নিয়েছেন অশ্বিন।আগের দিন ৯৩ রানে অপরাজিত কোহলি সকালে তিন অঙ্ক ছুঁয়ে ফেলেন দ্রুতই। এরপরই শুরু সাউদির প্রলয়নাচন। দ্বিতীয় নতুন বলে তিন ওভারের মধ্যে নেন ৪ উইকেট! ২০০৮ সালে নেপিয়ারে ইংল্যান্ডের বিপক্ষে অভিষেক টেস্টের প্রথম ইনিংসেই ৫ উইকেট নিয়েছিলেন। মাঝখানে ১৭ টেস্ট বিরতির পর আবার সাউদির এই কীর্তি। ৭ উইকেট নিয়ে ম্যাচের ভাগ্যও গড়ে দিয়েছেন কি না, সেটি বোধ হয় আজই পরিষ্কার হয়ে যাবে। ওয়েবসাইট।