সাউদিকে যেভাবে দেখেন ডোনাল্ড
বিশ্বকাপে এখন পর্যন্ত ৭ ম্যাচে ১৫ উইকেট পেয়েছেন নিউজিল্যান্ডের পেসার টিম সাউদি। বিশ্বকাপের সেরা বোলারদের তালিকায় তাঁর অবস্থান চারে। ক্রিকেটের তিন ফরম্যাটেই ইনিংসে ৫ উইকেট পাওয়া এই ডানহাতি সুইং বোলার এবার প্রশংসা পেলেন বোলিং কোচ অ্যালান ডোনাল্ডের। ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা পেস বোলার মনে করেন, এক বছরের মধ্যে বিশ্বের সেরা সুইং বোলার হতে যাচ্ছেন তাঁর শিষ্য।গত জানুয়ারিতে নিউজিল্যান্ড ক্রিকেটের সঙ্গে স্বল্পমেয়াদি চুক্তি করেন ডোনাল্ড, যেটি শেষ হয়ে যাবে বিশ্বকাপ শেষেই। ডোনাল্ডের এই সময়টাতে ১২ ম্যাচে ২২ উইকেট পেয়েছেন সাউদি। ২২ বছর বয়সী সাউদি এখন বেশ আগ্রাসী মনোভাব নিয়ে বোলিং করছেন, যেটা একসময় হারিয়ে গিয়েছিল তাঁর বোলিং থেকে।ডোনাল্ড মনে করছেন, একজন গ্রেট ক্রিকেটার হতে যা প্রয়োজন তার সবই আছে সাউদির। কোচের দায়িত্ব নিয়ে নিউজিল্যান্ডে এসে টেলিভিশনে প্রথম সাউদির খেলা দেখেন ডোনাল্ড। তখন ওয়েলিংটনে পাকিস্তানের বিপক্ষে টেস্ট খেলছিল নিউজিল্যান্ড। ওই টেস্টে ৩ উইকেট পেয়েছিলেন সাউদি। বেসিন রিজার্ভের নিষ্প্রাণ উইকেটে সাউদির বোলিংয়ে সম্ভাবনা দেখতে পান ডোনাল্ড। প্রথম দেখায় ‘সাদা বিদ্যুৎ’ তাঁকে বলেন, ‘আমি চাই, তুমি বোলিং আক্রমণের দায়িত্ব নেবে। এত অল্প বয়সেই তোমাকে এই দায়িত্বটা নিতে বলছি কারণ এক বছরের মধ্যেই তুমি বিশ্বের সেরা সুইং বোলার হতে পারো।’ডোনাল্ড আরও বলেছিলেন, ‘আমি চাই, তুমি এটা বিশ্বাস করো, তবে মাঠে ও মাঠের বাইরে তোমার কাজই নির্ধারণ করে দেবে তুমি কতটুকু শ্রদ্ধা পাবে।’ডোনাল্ডের কথামতো এই অল্প সময়েই সাউদি তাঁর শিক্ষা নিতে পেরেছে মনে হচ্ছে, ‘সে নিজের সক্ষমতায় বিশ্বাস করতে শুরু করেছে।’বিশ্বকাপের পরই নিউজিল্যান্ড ছেড়ে যাওয়ার কথা থাকলেও ডোনাল্ড এরই মধ্যে চুক্তির মেয়াদ বাড়াতে নিউজিল্যান্ড ক্রিকেটের প্রধান নির্বাহী জাস্টিন ভনের সঙ্গে কথা বলেছেন। কোচ জন রাইট ও খেলোয়াড়েরাও চাইছেন ডোনাল্ড থেকে যান আরও কিছুদিন। ওয়েবসাইট।