সাউদির নারী কেলেঙ্কারি: নিউজিল্যান্ড ক্রিকেটের অস্বীকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বকাপে অংশ নেওয়ার উদ্দেশ্যে নিউজিল্যান্ড দল দেশ ছাড়ার পরপরই বিমানে নারী ঘটিত ব্যাপারে জড়িয়ে পড়েছিলেন কিউই পেসার টিম সাউদি। নিউজিল্যান্ডের স্থানীয় গণমাধ্যমের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স আজ বুধবার এমনই এক তথ্য দিয়েছে। তবে, নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড সাউদির বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করেছে।খবরে প্রকাশ, বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে দুবাইয়ে যাওয়ার সময় বিমানে টিম সাউদি এক নারী যাত্রীর সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেছিলেন। তবে সাউদি সেই নারী যাত্রীর সঙ্গে কি ধরনের অসৌজন্যতা দেখিয়েছেন-তা অবশ্য জানা যায়নি।এদিকে, নিউজিল্যান্ড ক্রিকেট দলের ম্যানেজার ডেভ কিউরি জানিয়েছেন, তিনি অভিযোগের ভিত্তিতে এ ব্যাপারে একটি তদন্ত চালিয়েছেন। তদন্তে, সাউদির বিরুদ্ধে কোনো বাজে আচরণের প্রমাণ তিনি পাননি।‘এটা ঠিক, বিমানে সাউদি একজন নারী যাত্রীর সঙ্গে গল্প-গুজব করেছিলেন। কিছু সময় কাটিয়েছিলেন। কিন্তু, তাঁর বিরুদ্ধে সেই নারীর সঙ্গে কোনো খারাপ আচরণের প্রমাণ তদন্তে আমি পাইনি।’ কিউরির মন্তব্য।তিনি আরো বলেন তিনি এ ব্যাপারে সাউদির সঙ্গে সরাসরি কথা বলেছেন। কথা বলেছেন, বিমানের অন্যান্য যাত্রী ও দলের অপর খেলোয়াড়দের সঙ্গেও। এছাড়াও, সাউদি পুরো ঘটনারই পরিপূর্ণ ও লিখিত বর্ণনা টিম ম্যানেজমেন্টের কাছে পেশ করেছেন বলে কিউরি জানান।নিউজিল্যান্ড ক্রিকেট এক বিবৃতিতে জানিয়েছেন, তাঁরা এই বিতর্কের এখানেই সমাপ্তি ঘোষণা করছেন।