সাও পাওলোতে ফিরবেন 'বার্গক্যাম্প'?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘শিল্পীর নিপুণ তুলির আঁচড়ের মতো বলটা জালে পাঠিয়ে দিলেন’—কত গোল নিয়েই তো এমন লেখা হয়েছে। কিন্তু ডেনিস বার্গক্যাম্পের গোলটার চেয়ে আর কোনোটির ক্ষেত্রে এটি কি প্রযোজ্য? তিনটি ছোঁয়া, আর তাতেই যেন লেখা হয়ে গেল একটা বিমূর্ত কবিতা, ঐন্দ্রজালিক কোনো সৃষ্টি। কোন গোলটার কথা বলা হচ্ছে অনেকেই হয়তো বুঝে ফেলেছেন। হল্যান্ড-আর্জেন্টিনা ম্যাচ হলেই যে ফিরে ফিরে আসে সেই স্মৃতি।
১৯৯৮ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল। রৌদ্রদগ্ধ মার্শেইয়ে মুখোমুখি আর্জেন্টিনা-হল্যান্ড। নির্ধারিত সময়ে ম্যাচে ১-১ সমতা। দুই দলই খেলছে ১০ জন নিয়ে। নিজেদের অর্ধ থেকে ৭০ গজি একটা লম্বা পাসে আর্জেন্টিনা রক্ষণে বল পাঠিয়ে দিলেন ডাচ অধিনায়ক ফ্রাঙ্ক ডি বোর। পরের কয়েকটা মুহূর্ত যেন ডেভিড কপারফিল্ডের ভোজবাজি। অবিশ্বাস্য এক লাফ দিয়ে বার্গক্যাম্প ডান পায়ে আয়ত্তে নিলেন বলটা, আর্জেন্টাইন ডিফেন্ডার রবার্তো আয়ালা এগিয়ে আসছেন দেখে তাঁকে ডজ দিলেন, তারপর দুর্দান্ত ভলিতে পাঠিয়ে দিলেন জালে। বার্গক্যাম্পের স্মৃতিচারণা, ‘আমি বুঝতে পারিনি বলটা কতটা ওপরে ছিল। শুধু জানতাম বলটা ওখানে আসবে। আমাকে লাফ দিয়েই ওটা ধরতে হবে। প্রথম দুটি স্পর্শের পরেই বুঝে গিয়েছিলাম, মুহূর্তটা আসছে। এটার প্রতীক্ষায়ই ছিলাম।’ আজ সাও পাওলোতে বার্গক্যাম্প থাকছেন না, কিন্তু রোবেনরা কি সে রকম কোনো মুহূর্তের জন্ম দিতে পারবেন? এএফপি।