সাকলায়েনের বাকি ৬৫ দিন বিশ্বকাপের জন্য
সাকলায়েন মুশতাকের সঙ্গে বিসিবির চুক্তি ১০০ দিনের, যার ৩৫ দিন গত জিম্বাবুয়ে সফরেই শেষ। স্পিন কোচের বাকি ৬৫ দিন বিসিবি কাজে লাগাতে চায় টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে। নিউজিল্যান্ডের বিপক্ষে আসন্ন সিরিজ বা তার আগে তাই পাকিস্তানের সাবেক এই অফ স্পিনারের সার্ভিস না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগ।
কাল জাতীয় দলের কোচ শেন জার্গেনসেনের সঙ্গে আলোচনা শেষে ক্রিকেট পরিচালনা প্রধান এনায়েত হোসেন টেলিফোনে জানান, ‘সাকলায়েনকে নিউজিল্যান্ড সিরিজে আনা হবে না। তাঁর চুক্তির বাকি ৬৫ দিন, আমরা আগামী এশিয়া কাপ ও টি-টোয়েন্টি বিশ্বকাপের সময় একনাগাড়ে ব্যবহার করব।’
সিদ্ধান্তটা এ মুহূর্তে ওয়েস্ট ইন্ডিজে থাকা সাকলায়েনকে জানিয়ে দেওয়ার কথা কালই। কিন্তু এক দিন আগে সাকলায়েন নিজেই যে একটি ইংরেজি দৈনিককে বললেন, নিউজিল্যান্ড সিরিজ সামনে রেখে সেপ্টেম্বরের শেষ দিকে বা অক্টোবরের শুরুর দিকে তিনি চলে আসবেন বাংলাদেশে! এনায়েত হোসেনের উত্তর, ‘তাঁকে আমাদের কখন প্রয়োজন সেটা তো আমরা ঠিক করব...। আমরা মনে করি, বিশ্বকাপের আগেই সাকলায়েনের সার্ভিসটা বেশি জরুরি ছেলেদের জন্য।’