সাকলায়েনকে নিয়ে দোটানায় বিসিবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাকলায়েন মুশতাক
সাকলায়েন মুশতাক

২৪ জানুয়ারি বাংলাদেশে আসছে শ্রীলঙ্কা। কিন্তু সাকলায়েন মুশতাক আসছেন কবে? বাংলাদেশের স্পিন বোলিং পরামর্শক নিজে জানেন না এই প্রশ্নের উত্তর। স্থির করে উঠতে পারছে না বিসিবিও। কোনো সিরিজ বা টুর্নামেন্ট চলাকালে সাকলায়েনকে আনা কতটা কাজে দেবে, সেই প্রশ্ন আছে। দ্বিধা আছে তাঁকে কাজে লাগানোর পদ্ধতি নিয়েও। সঙ্গে যোগ হয়েছে সংশয়, সাকলায়েনকে এনে আদৌ কতটা লাভ হয়েছে, কতটা হবে? সব মিলিয়ে তাই সাকলায়েনকে নিয়ে দোটানায় আছে বিসিবি।
সাকলায়েনের সঙ্গে বিসিবির চুক্তি বছরে ১০০ দিন। এর মধ্যে ৩০-৩৫ দিন কাজ করে ফেলেছেন। গত অক্টোবরে নিউজিল্যান্ড সিরিজের আগে তাঁকে আনা হবে ভাবা হয়েছিল। পরে সেই পরিকল্পনা বাদ দেওয়া হয়। এ বছরের শুরুতেই যেহেতু পিঠোপিঠি শ্রীলঙ্কা সিরিজ, এশিয়া কাপ ও ওয়ার্ল্ড টি-টোয়েন্টি, বিসিবির ভাবনা ছিল তাই এ সময় সাকলায়েনকে টানা দলের সঙ্গে রাখা। কিন্তু সময়ের সঙ্গে বদলেছে ভাবনাও। উদয় হয়েছে ওপরের ওই প্রশ্নগুলো। জমা হয়েছে দ্বিধা ও সংশয়। এ জন্যই সাকলায়েনের সঙ্গে এখনো যোগাযোগই করেনি বিসিবি।
দ্বিধার কথাটি জানালেন বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান আকরাম খান, ‘সিরিজ চলাকালে সাকলায়েনকে আনলে কতটা কাজে দেবে, ব্যাপারটি আমাদের ভাবাচ্ছে। কারণ সিরিজের সময় আলাদা করে বা নিবিড়ভাবে কাজ করার সুযোগ খুব কম। আরেকটা ব্যাপার হলো, জাতীয় দলের চেয়ে একাডেমির বা উঠতি স্পিনারদের নিয়ে ওকে কাজ করাতে পারলে আরও বেশি ফলদায়ক হওয়ার কথা। সব বিকল্প নিয়েই আমরা আসলে ভাবছি।’
তবে জাতীয় দলের বাইরে ক্রিকেটারদের নিয়ে সাকলায়েন কাজ করতে রাজি হবেন কি না, সেই প্রশ্নও আছে। আকরাম যদিও ব্যক্তিগত সম্পর্কের উষ্ণতায় রাজি করাতে পারবেন বলে আশাবাদী ‘ওর সঙ্গে আমার সম্পর্ক খুবই ভালো। আশা করি, আমি অনুরোধ করলে না করতে পারবে না। তা ছাড়া এমনিতেও কোচরা তরুণ ক্রিকেটারদের সঙ্গে কাজ করতে সব সময় বেশি আগ্রহী। আমার মনে হয় না ওকে রাজি করাতে সমস্যা হবে।’
ইংল্যান্ড থেকে মুঠোফোনে আলাপচারিতায় কাল ইতিবাচক শোনা গেল সাকলায়েনের কণ্ঠও, ‘বিসিবি থেকে এখনো আমার সঙ্গে যোগাযোগই করা হয়নি। আসলে এই ব্যাপারগুলো দেখে আমার এজেন্ট, ওদের বলেছি যোগাযোগ করতে। আর বিসিবি যদি জাতীয় দলের বাইরে কাজ করতে বলে, সেটা নিয়েও আলোচনা হতে পারে।’
আকরাম খান চাইছেন, জাতীয় দল ও দলের বাইরে মিলিয়ে সমন্বয় করেই সাকলায়েনকে কাজে লাগাতে, ‘আমাদের ভাবনা হলো ওকে ৫০ ভাগ জাতীয় দলের সঙ্গে রাখা, ৫০ ভাগ বাইরের ক্রিকেটারদের নিয়ে কাজ করা। দু-এক দিনের মধ্যেই সাকলায়েনের সঙ্গে কথা বলব। দেখব কখন ওকে পাওয়া যাবে। আমরাও জানাব কখন, কীভাবে ওকে চাই। শিগগিরই হয়তো সবকিছু চূড়ান্ত হবে।’
তবে ক্রিকেট পরিচালনা কমিটির প্রধান যেভাবে বলছেন, সমীকরণটা ঠিক ততটা সরল নয়। হিসাব-নিকাশ কিছু আছে এর বাইরেও। বিভিন্ন সূত্র থেকে জানা গেছে, সাকলায়েনকে এনে কতটা লাভ হয়েছে এবং হবে, এ ব্যাপারটি বিসিবিকে ভালোই ভাবাচ্ছে। জাতীয় দলের ক্রিকেটারদের সঙ্গে নিবিড়ভাবে কাজ তিনি খুব একটা করতেই পারেননি। আর করলেও জাতীয় পর্যায়ের ক্রিকেটাররা কতটা শিখবে বা তাঁদের কতটা বদলানো যাবে, সেই সংশয় যথেষ্টই আছে। তা ছাড়া বেতন-ভাতা, থাকা মিলিয়ে তাঁর পেছনে যত খরচ হচ্ছে, বিনিময়ে ততটা পাওয়া যাচ্ছে কি না সংশয় আছে অনেকেরই। ১০০ দিনের চুক্তিটা এখানে আবার একটা বড় দায় হয়ে দাঁড়িয়েছে।
সব মিলিয়ে আকরাম খান যেমন বললেন, দু-তিন দিনের মধ্যেই হয়তো নিশ্চিত হওয়া যাবে চুক্তির বাকি দুই মাস কোন ভূমিকায় দেখা যাবে সাকলায়েনকে। কিংবা আদৌ দেখা যাবে কি না!