সাকিব আবারও এক নম্বর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সর্বশেষ টেস্ট খেলেছেন প্রায় তিন মাস আগে। তার পরও আইসিসির টেস্ট র‌্যাঙ্কিংয়ে অলরাউন্ডারদের তালিকায় আবার শীর্ষে উঠে গেলেন সাকিব আল হাসান। কেপটাউন টেস্টে জ্যাক ক্যালিসের ব্যর্থতাই এক নম্বরে ফিরিয়েছে তাঁকে। গত বছরে আগস্টেও ঘটেছিল একই ঘটনা। সেবার ইংল্যান্ডে ক্যালিসের ব্যর্থতায় সিংহাসন ফিরে পেয়েছিলেন সাকিব। কেপটাউন টেস্টের আগে সাকিবের চেয়ে ২৩ রেটিং পয়েন্টে এগিয়ে ছিলেন ক্যালিস। ব্যাটিংয়ে দুই ইনিংসেই ব্যর্থ হয়েছেন (২ ও ২১), ২৪ ওভার বোলিং করে কোনো উইকেটও পাননি। ক্যালিসকে তাই হারাতে হয়েছে ২৮ রেটিং পয়েন্ট। এখন সাকিবের (৩৮৭) চেয়ে মাত্র ৫ পয়েন্ট পিছিয়ে থাকা ক্যালিস অবশ্য ২২ ফেব্রুয়ারি সেঞ্চুরিয়নে শুরু তৃতীয় টেস্টে সুযোগ পাচ্ছেন আবারও শীর্ষে ওঠার। ২০১১ সালের ডিসেম্বরে প্রথম টেস্ট অলরাউন্ডারদের তালিকার শীর্ষে উঠেছিলেন সাকিব। পাকিস্তানের বিপক্ষে মিরপুরে সেঞ্চুরি ও ম্যাচে ৭ উইকেট নিয়ে পাঁচ নম্বর থেকে উঠে গিয়েছিলেন একে। ২০১২ সালের জুলাই পর্যন্ত প্রায় আট মাস পর্যন্ত ছিলেন সবার ওপরে। এর আগে ২০০১ সাল থেকে বলতে গেলে প্রায় টানা ১০ বছরই র‌্যাঙ্কিংয়ে একচ্ছত্র আধিপত্য ছিল জ্যাক ক্যালিসের। ওয়ানডে অলরাউন্ডারের র‌্যাঙ্কিংয়ে মোহাম্মদ হাফিজের চেয়ে ২ রেটিং পয়েন্ট কম নিয়ে সাকিব আছেন দুই নম্বরে। তথ্যসূত্র: আইসিসি ওয়েবসাইট।