সাকিব এবার লিস্টারশায়ারে
উস্টারশায়ারের হয়ে তিন ধরনের ক্রিকেটেই খেলেছেন সাকিব আল হাসান। ওয়ানডের বিশ্বসেরা অলরাউন্ডার ইংল্যান্ডের ঘরোয়া ক্রিকেটে খেলতে যাচ্ছেন এবারও। তবে এবার যাবেন শুধুই টি-টোয়েন্টি টুর্নামেন্টে খেলতে। বদলে যাচ্ছে ঠিকানাও। আসন্ন গ্রীষ্মে ফ্রেন্ডস লাইফ টি-টোয়েন্টি টুর্নামেন্টে খেলবেন লিস্টারশায়ারের হয়ে।এই মৌসুমে শিরোপাকেই পাখির চোখ করেছে লিস্টার। দ্বিতীয় বিদেশি হিসেবে সাকিবের সঙ্গে চুক্তি করে তাই দলের শক্তিটা আরও বাড়িয়ে নিল ইংলিশ কাউন্টি দলটি। অস্ট্রেলিয়া ‘এ’ দলের ব্যাটসম্যান জো বার্নসকেও দলে টেনেছে লিস্টার। নিতে পারে তারা ওয়েস্ট ইন্ডিজের বিস্ফোরক ওপেনার ক্রিস গেইলকেও। গ্রেস রোডের ক্লাবটিতে সাকিব সতীর্থ হিসেবে পাবেন গত বিপিএলে সাকিবের ঢাকা গ্ল্যাডিয়েটরসে খেলে যাওয়া জশ কবকে।চোটের কারণে গত নভেম্বর থেকেই আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে সাকিব। তবে জিম্বাবুয়ে সফরের আগেই সুস্থ হয়ে উঠবেন বলে আশাবাদী ২৬ বছর বয়সী। এমন একজন ক্রিকেটারের সঙ্গে চুক্তি করতে পেরে উচ্ছ্বসিত লিস্টারের কোচ ফিল হুইটিকেস, ‘আমি সত্যিই আনন্দিত যে, আমরা এমন এক খেলোয়াড়ের সঙ্গে চুক্তি করতে পেরেছি, যে সম্প্রতি বিশ্বের সেরা ওয়ানডে অলরাউন্ডার হয়েছে। সাকিবের রেকর্ড অসাধারণ। আমি আশায় আছি, তার সাহায্য আমাদের সাফল্য এনে দেবে।’ লিস্টারের প্রধান নির্বাহী মাইক সিডালের উচ্ছ্বাসও একই রকম, ‘সাকিবের মতো অভিজ্ঞ ও মানসম্পন্ন খেলোয়াড়কে পেয়ে আমরা আনন্দিত। তার টি-টোয়েন্টি রেকর্ড চমৎকার।’ ওয়েবসাইট।