সাকিব ও জিম্বাবুয়ে দলকে জরিমানা
জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে গতকাল আম্পায়ারের সিদ্ধান্তের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করায় আজ সোমবার সাকিব আল হাসানকে জরিমানা করা হয়েছে। অন্যদিকে স্লো ওভার রেটের কারণে জরিমানা করা হয়েছে গোটা জিম্বাবুয়ে দলকে।ক্রিকইনফোর খবরে বলা হয়, সাকিবকে তাঁর ম্যাচ ফির ৭৫ শতাংশ জরিমানা করা হয়েছে। আর নির্ধারিত সময়ে জিম্বাবুয়ে দল এক ওভার কম বোলিং করায় অধিনায়ক ব্রেন্ডন টেলরকে ম্যাচ ফির ২০ শতাংশ এবং দলের বাকি ক্রিকেটারদের প্রত্যেককে তাঁদের ম্যাচ ফির ১০ শতাংশ জরিমানা করা হয়।সাকিবের ঘটনাটা ম্যাচের ৩১তম ওভারের। প্রসপার উতসেয়ার করা ওভারের তৃতীয় বলটি সাকিবের প্যাডে লাগলে তর্জনী তোলেন আম্পায়ার। অথচ রিপ্লেতে স্পষ্ট দেখা গেছে, সেটা আউট হওয়ার মতো নয়। আম্পায়ারের সিদ্ধান্ত মানতে না পেরে প্যাডে ব্যাট দিয়ে সজোরে আঘাত করেন সাকিব।আজ এক বিবৃতিতে ম্যাচ রেফারি ক্রিস ব্রড জানান, সাকিব আইসিসির আচরণবিধি লঙ্ঘন করেছেন। তিনি বলেন, ‘একজন সিনিয়র ক্রিকেটার ও সাবেক অধিনায়কের কাছ থেকে এমন প্রতিক্রিয়া গ্রহণযোগ্য নয়। একজন আম্পায়ার যখন তর্জনী তোলেন, তখন একজন ব্যাটসম্যানের উচিত এর বিরুদ্ধে কোনো প্রতিক্রিয়া না দেখিয়ে ক্রিজ ছাড়া।’