সাকিব ও ব্যাটসম্যানদের হতাশার দিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লর্ডসে টেস্ট খেলার স্বপ্ন কোন ক্রিকেটারের না থাকে! সাকিব আল হাসানেরও আছে। তবে আপাতত তাঁর সেই স্বপ্নপূরণ অনিশ্চিত। ২৭ মে লর্ডস টেস্ট শুরুর আগেই সাকিবের খেলার মতো ফিট হয়ে যাওয়ার নিশ্চয়তা দিতে পারেননি ডার্বির স্থানীয় চিকিৎসক। বরং বলেছেন, জলবসন্ত রোগের এই সময়টা স্পর্শকাতর। কাজেই কোনো সমস্যা বোধ করলে সাকিব যেন চিকিৎসকের কাছে না গিয়ে সোজা হাসপাতালে ভর্তি হন। মাঠে নামতে তাড়াহুড়ো না করারও পরামর্শ দিয়েছেন চিকিৎসক।ফিটনেস ফিরে পেতে প্রতিদিন একটু একটু করে হাঁটতে হবে সাকিবকে। কাল যেমন কোনো সমস্যা ছাড়া ডার্বির মাঠে ছয়টা চক্কর দিয়েছেন। আরোগ্য লাভের পথে এটাকে ইতিবাচক দিক ভাবতে পারেন তিনি, তবে ব্রিটিশ জলবসন্ত বাংলাদেশ অধিনায়ককে এত সহজে নিস্তার দেবে বলে মনে হচ্ছে না। সাকিবের মন তাই ভালো নেই। আর কাল বাংলাদেশ দলের ব্যাটিং-ফিল্ডিং দেখে তো আরও বড় হতাশায় ডোবার কথা। অধিনায়কের যৎসামান্য খুশি হওয়ার উপলক্ষ হতে পারে কেবল ইংল্যান্ড লায়ন্সের বিপক্ষে বোলারদের পারফরম্যান্স।ব্যাটসম্যানদের ব্যর্থতায় প্রথম ইনিংসে নিজেরা ২২০ রানে অলআউট হওয়ার পর বাংলাদেশও বেশি দূর যেতে দেয়নি ইংল্যান্ড ‘এ’ দলকে। ২৯৪ রানে অলআউট হয়ে স্বাগতিকদের প্রথম ইনিংসের লিড ছিল ৭৪ রানের। কিন্তু দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের ব্যাটিং এতটাই খারাপ হলো যে চার দিনের ম্যাচ দুই দিনেই হেরে যাওয়ার উপক্রম! জহুরুল ইসলাম আর আবদুর রাজ্জাকের চেষ্টায় শেষ পর্যন্ত তৃতীয় দিনে গড়ালেও আজ হয়তো লাঞ্চও দেখবে না এই ম্যাচ। দ্বিতীয় দিন শেষে বাংলাদেশের সংগ্রহ ৯ উইকেটে ১৩৯ রান। দুই ইনিংস মিলিয়েও ইংল্যান্ডের প্রথম ইনিংস থেকে মাত্র ৬৫ রানই এগিয়ে তারা।বোলারদের সাফল্যের হাসি দিনশেষে মুছে গেছে বাজে ব্যাটিংয়ে। প্রথম ইনিংসের পর দ্বিতীয় ইনিংসেও উঠে আসা বলে ব্যাটসম্যানদের সেই তাড়াহুড়ো এবং চা-বিরতির আগে মাত্র ৯ ওভার ব্যাটিং করেই ৩৫ রানে ৩ উইকেট হারানো! বাউন্স আর মুভমেন্টে বিভ্রান্ত প্রায় সব ব্যাটসম্যানই উইকেটের পেছনে ক্যাচ দিয়ে ফিরেছেন এবং সেটার মূল কারণ অবশ্যই অকারণে শট হাঁকানোর চেষ্টা। তবে কিছুটা ব্যতিক্রম বলতে পারেন দিনশেষে ৪৪ রানে অপরাজিত জহুরুল ইসলামকে। ইংলিশ পেসাররা শট বলের ফাঁদে ফেলার চেষ্টা কম করেননি তাঁকেও। জহুরুল তারপরও টিকে আছেন, ৮৬ রানে ৬ উইকেট পড়ার পর রাজ্জাকের সঙ্গে সপ্তম উইকেটে ৩৫ রানের জুটি গড়ে গড়ে তুলেছিলেন সাময়িক প্রতিরোধও।আগের দিন পর পর দুই বলে রবি বোপারা আর মঈন আলির উইকেট দুটি নেওয়ার পর রবিউল কাল ফিরিয়েছেন ক্রিস ওকসকেও। ইংল্যান্ড সফরের তিনটি প্রস্তুতি ম্যাচে এ নিয়ে এক ডজন উইকেট হলো টেস্ট অভিষেকের অপেক্ষায় থাকা এই পেসারের। ইংল্যান্ড লায়ন্সের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ ৭৪ রান করা অ্যান্ড্রু গেইলের উইকেটটিও হতে পারত তাঁর। কিন্তু দিনের প্রথম ওভারেই পয়েন্টে গেইলের সহজ ক্যাচটি নিতে পারেননি রুবেল হোসেন। স্কোরকার্ড যেমন দেখাচ্ছে ইনিংসে তামিম ইকবাল তিনটি ক্যাচ নিয়েছেন, ইমরুল কায়েস নিয়েছেন দুটি, তেমনি দেখাচ্ছে না রুবেলের ওই মিস বা ইমরুলের হাত থেকে ৮১ রান করা স্টিভ ডেভিসের ক্যাচ পড়া। তবে ফিল্ডারদের ব্যর্থতা হতাশায় ডোবালেও ইংলিশ কন্ডিশনে বাংলাদেশ পেসারদের বেশ উজ্জীবিতই মনে হচ্ছে। পেসারদের স্বর্গরাজ্যে আবদুর রাজ্জাকের বোলিংটাও প্রশংসা পেতে পারে। ২২-৩-৭৬-২—স্বাগতিক ব্যাটসম্যানদের জন্য খুব স্বস্তিদায়ক ছিল না তাঁর বাঁহাতি স্পিন।কোচ জেমি সিডন্সের মন্ত্র শুনলে অবশ্য মনে হতে পারে প্র্যাকটিস ম্যাচের এমন ব্যাটিংয়েও লুকিয়ে আছে অনুপ্রেরণার বীজ! কাল দিনশেষের টিম মিটিংয়ে কোচ নাকি খেলোয়াড়দের বলেছেন, প্র্যাকটিস ম্যাচে দলের পারফরম্যান্সে তিনি মোটেও হতাশ নন। এতে মন খারাপ করারও কিছু নেই। দল সূত্রের তথ্য, মিটিং শেষে এমন বক্তব্যের জন্য সিডন্সকে ডেকে নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন সফরে দলের প্রধান ও বিসিবি পরিচালক জালাল ইউনুস। কোচকে তিনি জানিয়ে দিয়েছেন, টেস্ট দল হয়েও একটা ‘এ’ দলের বিপক্ষে আড়াই-তিন দিনে হার মেনে নিতে পারে না বাংলাদেশ।সংক্ষিপ্ত স্কোরবাংলাদেশ ২২০ ও ১৩৯/৯ (জহুরুল ৪৪*, রাজ্জাক ৩০, মাহমুদউল্লাহ ২১, তামিম ১৯; প্লাঙ্কেট ৩/৩৪, বোপারা ৩/১৪, ওয়াকেস ২/২৫, কারবি ১/২৮)।ইংল্যান্ড লায়ন্স: ১ম ইনিংস ২৯৪ (ডেভিস ৮০, গালে ৭৪; রবিউল ৩/৭১, শফিউল ২/৪৪, রাজ্জাক ২/৬৭, রুবেল ২/৭০, মাহমুদউল্লাহ ১/১৬)।