সাকিব খেলছেন, খেলবেন মাশরাফিও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় ক্রিকেট লিগ থেকে দুজনই ছিলেন লম্বা বিরতিতে। আজ শুরু দ্বিতীয় রাউন্ডের ম্যাচেই সাকিব আল হাসান ফিরছেন খুলনার হয়ে। এবারের জাতীয় লিগেই ফিরবেন মাশরাফি বিন মুর্তজাও। সব ঠিক থাকলে ৯ নভেম্বর থেকে শুরু তৃতীয় রাউন্ডের ম্যাচে চট্টগ্রামের বিপক্ষে খুলনার হয়ে খেলবেন জাতীয় দলের এই পেসার।টেস্ট ম্যাচের জন্য ফিটনেস নিয়ে সংশয় থাকায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজে খেলছেন না মাশরাফি। সে ক্ষেত্রে টি-টোয়েন্টি বিশ্বকাপের পর থেকে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজ শুরুর আগ পর্যন্ত প্রায় আড়াই মাস মাঠের বাইরে থাকা হয়ে যায় তাঁর। কিন্তু ওয়ানডে আর টি-টোয়েন্টিতে যেহেতু খেলবেন, নির্বাচকেরা চাচ্ছেন মাশরাফির মাঠে থাকার অভ্যাসটা ফিরে আসুক। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন দিনের প্রস্তুতি ম্যাচে তাই তাঁকে বিসিবি একাদশে রাখতে চেয়েছিলেন। কিন্তু মাশরাফি চাননি সিরিজের আগেই ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হতে। জাতীয় লিগে খেলার সিদ্ধান্ত সে কারণেই। মাশরাফি সর্বশেষ জাতীয় লিগে খেলেছেন ২০১০ সালের জানুয়ারিতে।প্রধান নির্বাচক আকরাম খান কাল মাশরাফির জাতীয় লিগে খেলার ব্যাপারটি নিশ্চিত করে বলেছেন, ‘ওর সঙ্গে কথা হয়েছে আমাদের। নতুন কোনো সমস্যা না হলে তৃতীয় রাউন্ড থেকে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজের আগ পর্যন্ত ম্যাচগুলো ও খেলবে।’ মাশরাফি অবশ্য ইঙ্গিত দিয়েছেন খেললে একটা ম্যাচই খেলবেন। তবে যে কয়টা ম্যাচই খেলুন, মাশরাফি প্রতি ইনিংসে ১০-১২ ওভারের বেশি বল করবেন না বলে জানিয়েছেন প্রধান নির্বাচক। পাবেন পর্যাপ্ত বিশ্রামও।সাকিব আল হাসান জাতীয় লিগে সর্বশেষ ম্যাচ খেলেছেন মাশরাফিরও দুই বছর আগে। ২০০৮ সালের ডিসেম্বরে খুলনার হয়ে ঢাকার বিপক্ষে সর্বশেষ ম্যাচের দুই ইনিংসে ব্যাট হাতে করেছিলেন ৬৯ ও ১২৯ রান। উইকেট পেয়েছিলেন ২টি। প্রায় চার বছর পর আজ আবার সাকিব ফিরবেন জাতীয় লিগে। খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে তাঁর দল খুলনা মুখোমুখি হবে রংপুরের। সাকিব ও মাশরাফির ফেরার সুসংবাদ প্রথম পর্বের ম্যাচে বরিশালকে ৫২ রানে হারানো খুলনার জন্য বাড়তি অনুপ্রেরণা হতেই পারে।দ্বিতীয় পর্বের ম্যাচে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে হবে দুই ঢাকার ম্যাচ। প্রথম পর্বে ঢাকা মহানগর দল চট্টগ্রামের সঙ্গে ড্র করলেও রাজশাহীকে ১২৭ রানে হারিয়েছিল ঢাকা বিভাগীয় দল। রাজশাহী নিজেদের মাঠে খেলবে বরিশালের বিপক্ষে। প্রথম পর্বে রংপুরের সঙ্গে ড্র করা সিলেট বিকেএসপিতে মুখোমুখি হবে চট্টগ্রামের। চট্টগ্রামের হয়ে খেলবেন শ্রীলঙ্কান অলরাউন্ডার মিলিন্দা জয়াবর্ধনে।