সাকিব খেলছেন আজও
সাকিব আল হাসানকে ছাড়া যেন উপায় নেই কলকাতা নাইট রাইডার্সের। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে ম্যাচের পর আজ রাজস্থান রয়্যালসের বিপক্ষেও বাংলাদেশের তারকা এই অলরাউন্ডারকে মূল একাদশে রেখেছে কলকাতা।সাকিব নেই তো কলকাতার হার! অবস্থাটা দাঁড়িয়েছিল এমনই। প্রথম দুটি ম্যাচে উপেক্ষিত হন আইসিসি টেস্ট অলরাউন্ডারদের তালিকায় শীর্ষে থাকা সাকিব। এর মাশুলও হাতেনাতে গুনতে হয় কলকাতাকে। হারতে হয় ওই দুই ম্যাচের দুটিতেই।রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে ম্যাচে সাকিবকে দলে নেয় কলকাতা। ওই ম্যাচেই ঘুরে দাঁড়ায় দলটি। এবারের আসরে প্রথম জয়ের দেখা পায় কলকাতা। জয় দিয়ে আইপিএল অভিযান শুরু হয় সাকিবের।বেঙ্গালুরুর বিপক্ষে ৪২ রানের জয় পাওয়ার ম্যাচে ব্যাট হাতে সফলতা পাননি সাকিব। ৪ বল খেলে করেন ৪ রান। ওই ম্যাচে অবশ্য তিন টপ অর্ডার ব্যাটসম্যান বাদে ব্যর্থ হয়েছিলেন কলকাতার সব ব্যাটসম্যানই। বল হাতে সবার দৃষ্টি কাড়েন সাকিব। ৩ ওভার বল করে শিকার করেন দুটি উইকেট।