সাকিব-ঝড় সামলে ফাইনালে ঢাকা
ঢাকা গ্ল্যাডিয়েটরসের একাদশের ৫ বিদেশিই পাকিস্তানি, খুলনা রয়েলস বেঙ্গলসের দুজন। বিপিএলের দ্বিতীয় সেমিফাইনাল যেন এক ‘মিনি পাকিস্তান।’ পাকিস্তানিদের মেলায় বুক চিতিয়ে লড়লেন এক বাংলাদেশি—সাকিব আল হাসান। তবে অসাধারণ এক ইনিংস খেলেও শেষ পর্যন্ত দলকে জয় এনে দিতে পারলেন না খুলনা অধিনায়ক, যোগ্য সঙ্গীই যে পেলেন না! গ্যালারিভরা দর্শকের অকুণ্ঠ সমর্থন নিয়ে ফাইনালে বরিশালের সঙ্গী হলো ঢাকা। আগের রাতে ইংল্যান্ড-পাকিস্তান শেষ টি-টোয়েন্টি যাঁরা দেখেছেন, তাঁদের কাছে মনে হতে পারে ‘দেজা ভ্যু।’ আবুধাবির ম্যাচের পাকিস্তান একাদশের ৫ জন কাল খেললেন বিপিএলের দ্বিতীয় সেমিফাইনালে—আওয়াইস জিয়া, শহীদ আফ্রিদি, সাঈদ আজমল, মোহাম্মদ হাফিজ ও হাম্মাদ আজম। তবে ঢাকাকে দুশ ছুঁইছুঁই স্কোর এনে দেওয়ায় বড় কৃতিত্ব এমন দুজনের, অনেক দিন ধরেই যাঁরা পাকিস্তান দল থেকে নির্বাসিত। ২৫ বলে ৪১ করেছেন ইমরান নাজির, ২২ রানে ২ উইকেট হারানো দল প্রাথমিক ধাক্কা সামলেছে এই ওপেনারের ব্যাটেই। চারে নেমে আজহার মেহমুদ করেছেন ৩৯ বলে ৬৫!নাজির ফেরার পর চতুর্থ উইকেটে আশরাফুলের সঙ্গে ৭২ রানের জুটি গড়েন আজহার। স্বদেশি হাম্মাদ আজম আজহার-ঝড় থামালেও ঢাকা পেয়ে যায় দারুণ এক ভিত্তি। যে ভিত্তিতে পা রেখে শেষ ২৭ বলে ৫৬ রানের অবিচ্ছিন্ন জুটি গড়েন আশরাফুল (৩৩ বলে ৪৭*) ও আফ্রিদি (১১ বলে ২৭*)।প্রথম ওভারে গিবসকে হারানোর পরও চন্দরপল-হাফিজ পাওয়ার প্লেতে তুলেছিলেন ৪৭ রান। তবে চন্দরপলের রানআউট ও ইলিয়াস সানি এক ওভারেই হাফিজ-স্মিথকে তুলে নিলে পথ হারায় খুলনা। মনে হয়েছিল ম্যাচ থেকেই বুঝি ছিটকে গেছে দলটি। কিন্তু বাংলাদেশের ক্রিকেটের সময়ের দুই সেরা ক্রিকেটার দারুণভাবে ম্যাচে ফেরান খুলনাকে। পঞ্চম উইকেটে ৫১ বলে ৮৭ রানের দুর্দান্ত এক জুটি গড়েন সাকিব ও নাসির।ঢাকার ইনিংসের শেষ ওভারে ১৯ রান দিয়েছিলেন সাকিব। সেই ব্যর্থতা ঘোচাতেই কিনা, কাল জ্বলে উঠলেন ব্যাট হাতে। ৫৮তম ম্যাচে এসে পেয়েছেন টি-টোয়েন্টি ক্যারিয়ারের প্রথম ফিফটি। সেই ফিফটিও ছুঁলেন মাত্র ২২ বলে! টি-টোয়েন্টিতে তাঁর স্ট্রাইক রেট ১০৮.৬৮, কিন্তু কাল ২০৯.৭৫। তবে ৪১ বলে ৮৬ রানের ইনিংসটিও দলকে জেতাতে পারল না সঙ্গীদের ব্যর্থতায়। শেষ ওভারে ২১ রান নেওয়ার পরও হারতে হলো ৯ রানে!সংক্ষিপ্ত স্কোরঢাকা গ্ল্যাডিয়েটরস: ২০ ওভারে ১৯১/৪ (নাজির ৪১, জিয়া ৫, নাজিমউদ্দিন ১, আজহার ৬৫, আশরাফুল ৪৭*, আফ্রিদি ২৭*; হাম্মাদ ১/২৯, হাফিজ ১/৩১, সাকিব ১/৪৫)। খুলনা রয়েল বেঙ্গলস: ১৮২/৭ (চন্দরপল ২৫, গিবস ২, হাফিজ ২৪, স্মিথ ১, সাকিব ৮৬*, নাসির ৩৫, হাম্মাদ ১, নাজমুল ০, রাজ্জাক ২*; সানি ৩/২৯, মাশরাফি ১/৩৩, আজমল ১/৩৪, আফ্রিদি ১/৩৫)। ফল: ঢাকা ৯ রানে জয়ী। ম্যান অব দ্য ম্যাচ: আজহার মেহমুদ