সাকিব-তামিম ভিক্টোরিয়ার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেখ জামাল আসতেই হইহই শুরু হলো। নেতৃত্বে জাতীয় দলের অধিনায়ক মুশফিকুর রহিম—এটা বড় কারণ। আর শেখ জামালের আসা মানে তো রাজকীয় ব্যাপার-স্যাপার। বাদ্যদল নিয়ে এসে হুলস্থুল।শেখ জামালে নাম নিবন্ধন শেষে মোহাম্মদ সোহরাওয়ার্দী, শামসুর রহমান, মেহরাব হোসেন জুনিয়র, আরাফাত সানিদের গলায় গাদা আর গোলাপের মালা। ভিড়ে ঠাসা বঙ্গবন্ধু স্টেডিয়ামের তৃতীয় তলায় অসংখ্য টিভি ক্যামেরার উপস্থিতি গোটা পরিবেশটা করে তুলল জমজমাট। ক্রিকেটারদের দলবদলে ফিরে এল অতীতের ছায়া, যখন দলবদল মানেই ছিল বিপুল উৎসাহ।সন্ধ্যা নামতেই এল মাহমুদউল্লাহ-ইলিয়াস সানিদের দল আবাহনী। তারপর ইমরুল কায়েস ও নাঈম ইসলামদের মোহামেডান। এর আগে মোহাম্মদ আশরাফুল, মোহাম্মদ শরীফদের নিয়ে ওল্ড ডিওএইচএসসহ আরও কয়েকটি দল। তবে ঢাকার প্রিমিয়ার ক্রিকেটের দলবদলের দ্বিতীয় ও শেষ দিনে সবচেয়ে বড় চমকটা মঞ্চস্থ স্থানীয় একটি হোটেলে, যেখানে সংবাদ সম্মেলন করে সাকিব-তামিমকে নিজেদের বলে ঘোষণা দিলেন ২০০২-০৩ মৌসুমের প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন ভিক্টোরিয়ার কর্মকর্তারা।একটু ভুল বলা হলো। কর্মকর্তা বলতে লুৎফর রহমান (বাদল), যাঁর পরিচয় মূলত মোহামেডানের কর্মকর্তা হিসেবে। এবার মোহামেডানের কয়েকজন ক্রিকেট কর্মকর্তা হঠাৎই যুক্ত হলেন ভিক্টোরিয়ার সঙ্গে। ভিক্টোরিয়ার গভর্নিং বডির চেয়ারম্যান পদ নিয়েছেন লুৎফর রহমান। অনেকেই রসিকতা করে বলছিলেন, ‘শুধু খেলোয়াড়েরা নন, এবার দলবদল করলেন কর্মকর্তারাও।’সাকিব-তামিমসহ ১০-১১ জন খেলোয়াড়ের সঙ্গে লুৎফর রহমান কথা বলে রেখেছিলেন অনেক আগেই। টাকাপয়সাও দেওয়া হয়েছিল। কথা ছিল, তাঁরা এ মৌসুমেও খেলবেন মোহামেডানে। কিন্তু এবার লুৎফর রহমানসহ মোহামেডানের পরিচিত ক্রিকেট সংগঠকেরা ক্লাবের পরিচালনা পর্ষদে নেই, তারই পরিণতি এই ‘দলবদল’।সংবাদ সম্মেলনে ভিক্টোরিয়ার সভাপতি শওকত আলী খান জানালেন, ‘মাহবুবুল আনাম ও হানিফ ভুঁইয়া ভিক্টোরিয়ার উপদেষ্টা হয়ে থাকতে চেয়েছেন। তাঁরা গভর্নিং বডিতে থাকবেন না।’ তড়িঘড়ি করে আয়োজিত সংবাদ সম্মেলন মঞ্চের পেছনে কোনো ব্যানার ছিল না। সাকিব-তামিমরা জাতীয় দলের অনুশীলন শেষে সোজা চলে গেলেন সেখানে। দুপুরের খাবারও এখানেই সেরেছেন। গায়ে ছিল ভিক্টোরিয়ার টি-শার্ট।লুৎফর রহমান বললেন, ‘আমি মোহামেডানে ছিলাম, মোহামেডানেই আছি। এই দলটা আমি মোহামেডানের জন্যই করেছিলাম। কিন্তু মোহামেডান আরেকটা দল করেছে। তাই খেলোয়াড়দের কাছে দেওয়া প্রতিশ্রুতি রাখতে আমাকে একটা দল বেছে নিতে হয়েছে।’ সাকিব (অধিনায়ক), তামিম ছাড়াও ভিক্টোরিয়ায় নাম লিখিয়েছেন জহুরুল হক, সাব্বির, তারেক আজিজ, মোশাররফ হোসেন, শরিফউল্লাহ, আল আমিন, যুবায়েররা। এটা ভিক্টোরিয়ার কাছে যেন মেঘ না চাইতেই বৃষ্টি!ভিক্টোরিয়াকে নিয়ে আরও চমক দেওয়ার আভাস দিয়েছেন লুৎফর রহমান। ব্রায়ান লারাকে এক মাসের জন্য কোচ করে আনার চেষ্টা করছেন বলে জানালেন। সুপার লিগে ক্রিস গেইলকে আনারও চেষ্টা চলছে। এ ছাড়া গতকাল পাকিস্তানি অলরাউন্ডার শোয়েব মালিক সই করেছেন এই দলে। যোগাযোগ চলছে আহমেদ শেহজাদ, ওয়াহাব রিয়াজ ও মনোজ তিওয়ারির সঙ্গে।সাকিব-তামিম ছিলেন খুব উচ্ছ্বসিত। তামিম বলছিলেন, ‘সিদ্ধান্ত নিয়েছিলাম মোহামেডানে থাকব। কিন্তু বাদল ভাই না থাকায় ঘটনাক্রমে আমরাও ভিক্টোরিয়ায় এসেছি। আমি আর সাকিব যা বলি, উনি তা-ই করেন। একটা পরিবারের মতো মনে হয়।’সাকিবের কথা, ‘লিগে এবার দারুণ প্রতিদ্বন্দ্বিতা হবে। আমাদের প্রথম লক্ষ্য সুপার লিগ। ঘরোয়া ক্রিকেটে নিজেকে প্রমাণ করার সুযোগ তৈরি হলো আমার সামনে।’ তামিমের সংযোজন, ‘সাকিবের মাঠে থাকাই দলের জন্য বড় প্রেরণা। কেমন খেলছে, সেটা বড় বিষয় নয়।’দলবদলের ‘উৎসবে’ একটা দুঃখ রয়ে গেল শুধু শফিউল ইসলামের, কোনো দলই পেলেন না জাতীয় দলের এই পেসার।