দলবদলের আগেই ক্লাবগুলোর ঘর গোছানো শেষ। একেবারে শেষ মুহূর্তে তারায় তারায় সেজে উঠেছে ভিক্টোরিয়ার ঘর। আজ থেকে শুরু প্রিমিয়ার ক্রিকেট লিগের দুই দিনব্যাপী দলবদলের আগেই ক্লাবটি নিশ্চিত, সাকিব আল হাসান ও তামিম ইকবাল এবার তাদের হয়ে খেলবেন।মোহামেডানের সাকিব-তামিম ভিক্টোরিয়ার হয়ে যাচ্ছেন ঢাকার ক্লাব রাজনীতির নতুন এক সমীকরণের কারণেই। মোহামেডান ক্লাবে নতুন মেরুকরণের পর ক্রিকেট কমিটির সাবেক প্রধান লুৎফুর রহমানসহ বেশ কয়েকজন কর্মকর্তার যোগ দেওয়ার কথা ছিল সূর্যতরুণে। সেটা হলে তাঁদের অনুসারী সাকিব-তামিমসহ আরও ১০-১১ জন খেলোয়াড়ও সূর্যতরুণে যোগ দিতেন। কিন্তু শেষ মুহূর্তে আলোচনা ভেস্তে যাওয়ায় লুৎফুর রহমানের সঙ্গে সাকিব-তামিমরা যাচ্ছেন ভিক্টোরিয়ায়। বঙ্গবন্ধু স্টেডিয়ামে আজ বেলা তিনটায় দলবদল শুরু হবে। ভিক্টোরিয়া খেলোয়াড়দের সই করাবে আগামীকাল।মোহামেডান ও সূর্যতরুণ ছেড়ে আসার কারণ ব্যাখ্যা করে কাল টেলিফোনে লুৎফুর রহমান বলেছেন, ‘কিছুদিন আগে বিদেশ সফর থেকে ফিরে দেখি, মোহামেডান আরেকটা দল করেছে। খেলোয়াড়দের রক্ষা করার জন্যই তাই নতুন ক্লাবে যাচ্ছি। সূর্যতরুণের সঙ্গে সমঝোতা না হওয়ায় সেটা ভিক্টোরিয়া বা সিসিএসও হতে পারে। কাল (আজ) নিশ্চিত হব।’ জানা গেছে, লুৎফুর রহমান ও তাঁর দল যাচ্ছে ভিক্টোরিয়াতেই। ঐতিহ্যবাহী এই ক্লাবের গভর্নিং বডির প্রধান হচ্ছেন লুৎফুর রহমান। মাহবুবুল আনাম, হানিফ ভুঁইয়াসহ কয়েকজন পাচ্ছেন সদস্যপদ।সাকিব-তামিম ছাড়াও লুৎফুর রহমানের সঙ্গে ভিক্টোরিয়ায় যাচ্ছেন মোশাররফ হোসেন, জহুরুল ইসলাম, সাব্বির রহমান, শরীফউল্লাহ, মুক্তার আলী, তারেক আজিজ, হান্নান সরকার, আরমান হোসেন ও পাকিস্তানের শোয়েব মালিক।