সাকিব-তামিমের পরীক্ষা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দলের অনুশীলন বেলা দেড়টা থেকে। দুপুর ১২টাতেই স্টেডিয়ামে চলে এলেন তামিম ইকবাল। সঙ্গে ফিল্ডিং কোচ জেসন সুইফট। সুইফটকে নিয়ে নেটে নক করলেন প্রায় ৪৫ মিনিট। হয়তো এমনটা মাঝেমধ্যেই করেন। কিন্তু খারাপ সময় বলেই দুইয়ে দুইয়ে চার মেলানো যাচ্ছে—রানে ফিরতেই এই বাড়তি পরিশ্রম!‘খারাপ সময়’ বললে অনেকে আপত্তি করতে পারেন। জিম্বাবুয়েতে শেষ তিন ম্যাচে ৪৪, ৬১, ৪৫—ভালো খুব একটা নয়, তবে খুব খারাপও নয়। এই সিরিজে টি-টোয়েন্টিসহ তিন ম্যাচের (১১, ২১, ১) পারফরম্যান্স অবশ্য কোনো বিবেচনাতেই ভালো নয়। তবে নিছক কিছু সংখ্যা তো আর তামিমকে তুলে ধরতে পারে না। তামিমের ইনিংসে রান কত করেছেন, এর সমানই গুরুত্বপূর্ণ কীভাবে রান করছেন। এই জায়গাটাতেই সবচেয়ে বড় শঙ্কা। গত কিছুদিনে যে তামিমকে একবারও তামিমের মতো মনে হয়নি!সাকিব আল হাসান রান নিয়মিতই করছেন এবং তাঁর মতো করেই। তবে তাঁর সমস্যা অন্য, বড় রান পাচ্ছেন না। সর্বশেষ ২১ ইনিংসে ৭ ফিফটি, ২৫ পেরিয়েছেন আরও ৫ বার। কিন্তু তিন অঙ্কের কাছাকাছিও যেতে পারেননি একবারও। এই সিরিজের তিন ইনিংসে ০, ৬৭, ১২। বল হাতে দারুণ ধারাবাহিক, কিন্তু ব্যাট হাতে ভালো-মন্দের মিশেল।সতীর্থদের বেশির ভাগের সঙ্গে তুলনা করলেই অবশ্য সাকিব-তামিমের এই পারফরম্যান্সকে যথেষ্ট ভালো মনে হবে। এখনো পর্যন্ত এই বছর বাংলাদেশের সর্বোচ্চ রান সাকিবের, ১৬ ম্যাচে ৩৬.১৪ গড়ে ৫০৬। সমান ম্যাচে তামিমের রান ২৭.১৮ গড়ে ৪৩৫। বাংলাদেশের পক্ষে এই দুজনের মাঝখানে আছেন কেবল মুশফিকুর রহিম (৫০৫)। এর পরও পারফরম্যান্স নিয়ে প্রশ্ন, কারণ শুধু বাংলাদেশের নন, তাঁরা যে বিশ্ব তারকাও! ভালো-মন্দ মাপার বাংলাদেশের মানদণ্ড তাঁরা অনেক আগেই তা দুমড়েমুচড়ে দিয়েছেন। নিজেদের মানদণ্ড ঠিক করে দিয়েছেন তাঁরা নিজেরাই। পারফরম্যান্স নিয়ে প্রশ্ন এ কারণেই, কোথায় নিজেদের আরেক ধাপ ছাড়িয়ে যাওয়ার চেষ্টা করবেন, অথচ তাদের পারফরম্যান্সের তুলনা করতে হচ্ছে কি না, সতীর্থদের সঙ্গে।পারফরম্যান্স নিয়ে প্রশ্ন, ঝঞ্ঝাবিক্ষুব্ধ সময়ের কারণেও। দলের সেরা দুই পারফর্মার বলে এমনিতেই তাঁদের দুজনের দিকে সবার দৃষ্টি বেশি থাকে। বাংলাদেশের ক্রিকেটে পালাবদলের সাম্প্রতিক ঝড়ের কারণে এই সিরিজে তাঁদের দিকে নজর আরও বেশি। স্বাভাবিক ঘটনাকেও অনেকের কাছে মনে হবে অস্বাভাবিক, সাধারণ কিছুর পেছনেও খোঁজা হবে অন্য গন্ধ। চ্যালেঞ্জ বা পরীক্ষা যা-ই বলুন না কেন—ক্যারিয়ারে অসংখ্যবার এসবের মুখোমুখি হয়েছেন দুজনই। বেশির ভাগ সময়ই উতরেছেন সাফল্যের সঙ্গে। কিন্তু এই ওয়েস্ট ইন্ডিজ সিরিজটা সম্ভবত দুজনের ক্যারিয়ারেরই বড় পরীক্ষা। ক্রিকেট খেলাটা যতটা শারীরিক, তার চেয়েও বেশি মানসিক। দুজনের মানসিক শক্তিরও বড় পরীক্ষা এই সিরিজ। মাত্রই তিনটি ইনিংস গেছে, সিরিজ কেবল মাঝপথে। সাকিব-তামিম পরীক্ষায় উতরালেন কি না, সেই হিসাব মেলানোর সময় এখনো হয়নি। তবে গত বছর তিনেক দলের সাফল্য-ব্যর্থতা আর তাঁদের দুজনের সাফল্য-ব্যর্থতা সম্পূরক বলেই পারফরম্যান্সের কাটাছেঁড়া শুরু হয়েছে। টপ-অর্ডার ব্যর্থ হচ্ছে বলে বেশি চোখে লাগছে তামিমের ব্যর্থতাও। তবে অনেক কিছু পাওয়ার আছে এখনো। আজকের ম্যাচের ভালো পারফরম্যান্সে পাওয়া যাবে টেস্টে ভালো খেলার রসদ। আর টেস্টে দুজনই যদি জ্বলে ওঠেন, বাংলাদেশও করে ফেলতে পারে দারুণ কিছু। ওয়ানডের ব্যর্থতাও তখন আড়ালে পড়ে যাবে। কথায় আছে না, শেষ ভালো যার, সব ভালো তার!