সাকিব বনাম নিউজিল্যান্ড
>

নিউজিল্যান্ডের বিপক্ষে রোমন্থনের অনেক সুখস্মৃতিই আছে সাকিব আল হাসানের। লিখেছেন রাজীব হাসান
এ কী বললেন জেমি সিডন্স! সে কালে অনলাইনগুলোর এমন রবরবা ছিল না। হলে নির্ঘাত এমন শিরোনামে সয়লাব হয়ে যেত। সিডন্স যা বলেছিলেন, তা তো চমকে যাওয়ার মতোই। দলে একটা বোলার কম হয়ে গেল না—বাংলাদেশি সাংবাদিকদের এমন উসখুস প্রশ্নের জবাবে কোচ বলেছিলেন, ‘কেন, সাকিব তো আছে। সে তো স্পেশালিস্ট স্পিনার।’
‘তাই নাকি?’ বিস্ময়টা ছিল সংবাদমাধ্যমের। সাকিবেরও কি নয়? যে সাকিব আজও নিজেকে ঠিক বোলিং অলরাউন্ডার ভাবেন না। বোলিংটা তাঁর কাছে ‘কীভাবে কীভাবে যেন হয়ে যায়’। সেই সাকিব স্পেশালিস্ট স্পিনার হিসেবে খেলতে নামলেন চট্টগ্রাম টেস্টে। আর তুলে নিলেন ৭ উইকেট! অথচ এর আগের ছয় টেস্টে সাকিবের মোট উইকেটই ছিল তিনটি!
নিউজিল্যান্ড বলতেই সাকিবের বেশ কিছু উজ্জ্বল মুহূর্তের কথা মনে পড়ে। ব্যাটে-বলে, কখনো নেতৃত্বেও। নিউজিল্যান্ডের বিপক্ষেই ক্যারিয়ারের প্রথম টেস্ট সেঞ্চুরি পেয়েছিলেন। প্রথম টেস্ট উইকেটও। ২০১০ সালে নিউজিল্যান্ডকে প্রথমবার বাংলাওয়াশ তো বলতে গেলে তাঁর হাতেই। এসব তো জ্বলজ্বল করছে বাংলাদেশের ক্রিকেটের সোনালি অধ্যায়গুলোতে।
আবার কিছু আছে একান্তই ব্যক্তিগত স্মৃতিচিহ্ন। যেগুলো হয়তো মনে রেখেছেন কেবল সাকিবই।

প্রথম টেস্ট উইকেট
‘প্রথম স্পর্শ, প্রথম অনুভূতি, প্রথম প্রেম, প্রথম আকুতি...তুলনাহীনা।’ জেমসের গানের মতো অতটা রোমান্টিক না হলেও ব্যক্তিগত স্মৃতির সিন্দুকে এমন অনেক প্রথমের নুড়িপাথর আমরা জমিয়ে রাখি। কবীর সুমন যেমন বলেন, ‘প্রথম স্কুলে যাবার দিন প্রথমবার ফেল, প্রথম ছুটি হাওড়া থেকে ছেলেবেলার রেল...।’ প্রথম সবকিছুর অন্য রকম একটা আশ্চর্য মায়াময়তা আছে। সাকিব কী করে ভুলবেন তাঁর প্রথম টেস্ট উইকেট!
২০০৮ সালে নিউজিল্যান্ড সফরে সেই প্রথমের দেখা পেয়েছিলেন সাকিব। এর আগে তিন টেস্টে বোলিং করেও কোনো উইকেট পাননি। সেটাই মিলল ওয়েলিংটন টেস্টে। নিজের চতুর্থ আর ইনিংসের ৩৬তম ওভারের প্রথম বলে। অন্য প্রান্তে টানা তিন ওভার বোলিং করার পর সাকিবের প্রান্ত বদল করেছিলেন অধিনায়ক হাবিবুল বাশার। তাতেই মিলল সাফল্য। নতুন প্রান্তে এসে প্রথম বলেই ক্রেগ কামিংকে ফেললেন এলবিডব্লুর ফাঁদে।
সাকিব নিশ্চয়ই ভুলতে পারবেন না কামিংয়ের কথা। কামিং কি ভুলতে পারবেন? সাকিবের প্রথম উইকেট যেমন কামিং, টেস্টে কামিংও শেষবারের মতো আউট হয়েছেন সাকিবের বলে। ওই টেস্টের পরেই যে শেষ হয়ে গিয়েছিল তাঁর ক্যারিয়ার!
প্রথম টেস্ট সেঞ্চুরি,
হ্যামিল্টন টেস্ট, ফেব্রুয়ারি ২০১০
টেস্ট সেঞ্চুরিটা কিছুতেই যেন ধরা দিচ্ছিল না তাঁর হাতে। দুবার ৯৬-এ আটকে গেছেন। একবার আউট হলেন, আরেকবার তো অপরাজিতই থাকতে হলো। কেউ যদি টেস্ট সেঞ্চুরি না পেয়ে থাকে ক্যারিয়ারে, ৯৬ রানে অপরাজিত থেকে ফেরা তাঁর জন্য সবচেয়ে কষ্টের। তবে সেদিন সাকিবের মুখে ছিল হাসি। অপরাজিত সেই ইনিংস যে নিশ্চিত করেছিল বিদেশের মাটিতে বাংলাদেশের প্রথম টেস্ট সিরিজ জয়। ওয়েস্ট ইন্ডিজকে ২-০তে ধবলধোলাই। ২১৫ রানের লক্ষ্যে ব্যাট করতে নামা বাংলাদেশ ৬৭ রানে ৪ উইকেট হারিয়ে ধুঁকছিল। সেখান থেকে নেমেই ৯৭ বলে ৯৬ রানের সেই ইনিংস খেললেন সাকিব। তাঁর শরীরে কেউ মুড়িয়ে দিল লাল–সবুজ পতাকা। ছবিটা বাংলাদেশের ক্রিকেটের চিরকালীন অ্যালবামেই জায়গা পেয়ে গেছে।
এর দুই টেস্ট পরেই আবারও সাকিবকে হতাশ হতে হলো। এবার হ্যামিল্টন টেস্টে প্রথম ইনিংসে আউট হলেন ৮৭ করে। সাকিবের ইনিংসটার কথা অবশ্য কারও নাও মনে থাকতে পারে। মাহমুদউল্লাহ যে ১১৫ রানের ঝকঝকে একটা ইনিংস খেললেন!
এমনিতে বল হাতে ম্যাচটা ভালো যাচ্ছিল না সাকিবের। ৫২ ওভার বল করে ১৩৩ রানে ১ উইকেট। দ্বিতীয় ইনিংসে ব্যাট হাতে সব ভুলিয়ে দিচ্ছিলেন। ৪০৪ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৭৮ রানেই নেই ৫ উইকেট—এমন সময় চওড়া হয়ে উঠল সাকিবের ব্যাট। না, বাংলাদেশ ম্যাচটা হেরেছে। তবে তা মনে থাকবে সাকিবের এই লড়াকু ইনিংসের কারণে। যেটিতে বরাবরের মারকুটে সাকিবের ছোঁয়া তো ছিলই। তবে এর আড়ালে ছিল দাঁত চেপে লড়াইয়ের প্রতিজ্ঞা।
চতুর্থ দিনটা পার করেছিলেন ২৫ বলেও একটা রান না নিয়ে। পঞ্চম দিনে শূন্য থেকে শুরু করা সাকিব দ্রুতই নিজের চেহারায় ফিরেছেন। মার্টিন ও ভেট্টোরির দুই ওভারের মধ্যে টানা আট বলের ছয়টিতে চার মেরেছেন, একটি ছক্কাও! প্রথম ২৫ বলে ০ রান, সাকিবের ফিফটি পূর্ণ হলো কিন্তু ৫৮ বলে। ৯০ পেরোতে আবারও সতর্ক। সেঞ্চুরি ছুঁয়েই আউট, তবে এবার আর এত কাছে গিয়েও না পারার অতৃপ্তি নয়।
নায়ক ১
১১৩ বলে ১০৬ রান
৫৪ রানে ৩ উইকেট
সাকিবকে ছাড়াই ২০১৩ সালে নিউজিল্যান্ডকে বাংলাওয়াশ করেছিল বাংলাদেশ দল। কিন্তু জিম্বাবুয়ে-কেনিয়াদের বাইরেও যে শক্তিশালী কোনো দলকে এক সিরিজের সব ম্যাচে হারানো যায়—এই বিশ্বাস বাংলাদেশকে প্রথম এনে দিয়েছিলেন সাকিবই। ২০১০ সালের সেই আলোচিত সিরিজে ব্যাটে-বলে-নেতৃত্বে সাকিব ছিলেন অনন্য উজ্জ্বল। সিরিজের সেরা খেলোয়াড় হয়েছেন। দুটি ম্যাচের সেরা খেলোয়াড়ও।
এর মধ্যে সিরিজের চতুর্থ (বৃষ্টিতে এক ম্যাচ পুরো ভেসে যাওয়ায় আসলে সেটি ছিল তৃতীয় ওয়ানডে) ম্যাচে সাকিবের ১০৬ রানের ইনিংসটি তাঁর ক্যারিয়ারের অন্যতম সেরা হয়ে থাকবে। বাংলাদেশের ৬ ব্যাটসম্যান দুই অঙ্ক ছুঁতে পারেননি। ছয়জনের মিলিত অবদান ছিল ২২ রান। সাকিবের সেঞ্চুরি ছাড়া দলের দ্বিতীয় সর্বোচ্চ ইনিংস ৩৭ রানের। তিনটি ফিফটি জুটি হয়েছিল। তিনটিই সাকিবকে নিয়ে।
বল হাতেও সাকিব দুর্দান্ত ছিলেন। ৫৪ রানে ৩ উইকেট নিয়ে সেই ম্যাচে সিরিজ জয় নিশ্চিত করেছিলেন তিনিই।
নায়ক ২
৫১ বলে ৫৮
৪১ রানে ৪ উইকেট
বাংলাওয়াশ প্রথম অধ্যায়ের প্রথম পরিচ্ছেদে নায়ক ছিলেন সাকিবই। ২০১০ সালের অক্টোবরে সিরিজের সেই প্রথম ম্যাচে ৫১ বলে আটটি চারে করেছিলেন ৫৮। বাংলাদেশ করতে পারল মোটে ২২৮ রান। তবে বৃষ্টি একটা উপহার দিয়ে গেল। নিউজিল্যান্ডের ওভার কাটা গেল ১৩, কিন্তু রানের লক্ষ্য কমল ১৯। ৩৭ ওভারে ২১০ করতে হবে বলেই ম্যাককালাম আর রাইডার ঝড় তুলতে শুরু করলেন ওপেনিংয়ে। ৬ ওভারে ৪৯ রান।
জেসি রাইডারকে আউট করে সাকিবই ভাঙলেন এই জুটি। আসল আঘাত হানলেন ইনিংসের ১৫তম ওভারে। দ্বিতীয় বলে বোল্ড করলেন পাগলা ঘোড়া হয়ে ওঠা অন্য ওপেনার ম্যাককালামকে (৪৫ বলে ৬১)। তিন বল পর এলবিডব্লুর ফাঁদে ফেলেন গ্র্যান্ট এলিয়টকেও। আগের ১৭ দেখায় নিউজিল্যান্ডের কাছে ১৬ বার হারা বাংলাদেশ জয়ের স্বপ্ন দেখতে শুরু করল তখনই। ৮৫ রানে ৪ উইকেট নেই। মরণপণ চেষ্টা করেও আর ম্যাচে ফিরতে পারেনি নিউজিল্যান্ড। ৪১ রানে ৪ উইকেট নিয়ে ম্যাচ সেরা সাকিব।
মজার ব্যাপার হলো, সেই ম্যাচের অধিনায়ক কিন্তু ছিলেন মাশরাফি। ২০০৯ সালে ওয়েস্ট ইন্ডিজ সফরে মাশরাফির অপ্রত্যাশিত চোট সাকিবকে অধিনায়কের আসনে বসিয়েছিল। সেবার দুর্দান্ত নেতৃত্ব দিয়েও আবার অধিনায়কত্ব ফিরিয়ে দিয়েছিলেন ‘বড় ভাই’ মাশরাফি সুস্থ হয়ে ফিরতেই। কিন্তু প্রথম ম্যাচেই চোট পেয়ে ছিটকে যান মাশরাফি। নেতৃত্ব ফিরে আসে সাকিবের কাঁধে। ৯ রানে জেতা সিরিজের প্রথম ম্যাচটায় অধিনায়ক হিসেবে মাশরাফির নামই লেখা থাকবে রেকর্ড বইয়ে। কিন্তু আসল নায়ক ছিলেন সাকিব। ব্যাটে-বলে—নেতৃত্বেও।