সাকিব-মাশরাফির উত্তরসূরিদের পদধ্বনি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এনামুল হক বিজয়, সবচেয়ে সফল ব্যাটসম্যান। আগ্রাসী আল-আমিন, সবচেয়ে সফল বোলার। দারুণ ধারাবাহিক ছিলেন সাব্বির রুম্মান।
এনামুল হক বিজয়, সবচেয়ে সফল ব্যাটসম্যান। আগ্রাসী আল-আমিন, সবচেয়ে সফল বোলার। দারুণ ধারাবাহিক ছিলেন সাব্বির রুম্মান।

ক্রিকেটের ভরা মৌসুম অথচ বসে আছেন দেশের ক্রিকেটাররা। চিন্তার বিষয় বটে! ক্রিকেটারদের খেলার মধ্যে রাখতেই মাত্র আট-দশ দিনেই ঝটপট নামিয়ে দেওয়া হলো বিজয় দিবস টি-টোয়েন্টি কাপ। খেলার মধ্যে থাকতে তো বটেই, টুর্নামেন্টের অন্যতম উদ্দেশ্য ছিল, শ্রীলঙ্কার বিপক্ষে আসন্ন সিরিজ, এশিয়া কাপ ও টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে নিজেদের হাত মকশো করে নেওয়া।
সিলেটে প্রচুর দর্শক হলেও চলমান রাজনৈতিক পরিস্থিতির কারণে ঢাকায় অবশ্য দর্শক সমাগম ছিল তুলনামূলক কম। সব মিলিয়ে বিসিবির এ ‘আকস্মিক’ টুর্নামেন্টকে সফলই বলতে হবে। প্রধান নির্বাচক ফারুক আহমেদ প্রথম আলোকে বলেন, ‘নানা সমস্যার মধ্যেও টুর্নামেন্টটি সফলভাবেই শেষ হয়েছে। খুবই ভালো একটি টুর্নামেন্ট হয়েছে। টি-টোয়োন্টিতে যত ম্যাচ খেলা যাবে, তত মানিয়ে নেওয়া সহজ হবে। আমাদের লক্ষ্য খেলোয়াড়দের সব সময় খেলার মধ্যে রাখা। সব মিলিয়ে এ সময় এমন একটা টুর্নামেন্টের দরকার ছিল।’
টুর্নামেন্টের সবচেয়ে বড় প্রাপ্তি একঝাঁক তরুণ প্রতিভাবান ক্রিকেটারের আগমনী গান শোনানো। কিছু কিছু ক্ষেত্রে তারকা ক্রিকেটারকেও ছাপিয়ে গেছেন তাঁরা। এর মধ্যে সাব্বির রুম্মান, সৌম্য সরকার, মিঠুন আলী, আল আমিন, দেওয়ান সাব্বির, তাইজুল ইসলাম, শুভাশিস রায়ের নাম উল্লেখ করা অবশ্যকর্তব্য। তরুণ খেলোয়াড়দের পারফরম্যান্স সম্পর্কে ফারুক আহমেদের বক্তব্য, ‘যারা পাদপ্রদীপের আলোয় ছিল কিংবা যারা ছিল না, উভয়ই ভালো পারফরম করেছে। বিজয় (এনামুল হক) রানে ফিরেছে, তামিম দুর্দান্ত সেঞ্চুরি করেছে। নতুনেরাও ভালো করেছে। তবে এক টুর্নামেন্টের পারফরম্যান্সের ওপর সবকিছু নির্ভর  করে না। অর্থাত্ হঠাত্ ভালো করলেই জাতীয় দলে সুযোগ মিলবে, এ নিশ্চয়তা দেওয়া যায় না। আমরা সামনে আরও কয়েকটি  টুর্নামেন্ট দেখব। তবে তরুণ ও তারকা খেলোয়াড় একসঙ্গে  ভালো পারফরম করলে ভালো একটি জাতীয় দল গঠনে সহজ হয়।’

নির্বাচক হাবিবুল বাশার সুমনও তৃপ্ত এই টুর্নামেন্টের সার্বিক প্রাপ্তিতে, ‘দারুণ একটা টুর্নামেন্ট হলো। খেলোয়াড়েরা খুবই উপভোগ করেছে। নতুনেরা ভালো পারফরম করছে, এটি আমাদের ক্রিকেটের জন্য ইতিবাচক দিক। আমরা চাই, ঘরোয়া ক্রিকেটে প্রতিযোগিতা হোক। প্রতিযোগিতা হলে আরও বেশি প্রতিভাবান খেলোয়াড় বেরিয়ে আসবে। এ ছাড়া জুনিয়ররা ভালো পারফরম করলে সিনিয়রদের মধ্যে আপনা-আপনি দায়িত্ববোধ চলে আসে। তখন তারাও ভালো পারফরম করতে মুখিয়ে থাকে। এ টুর্নামেন্টে হয়েছেও তাই। আমরা চাই, খেলোয়াড়েরা পারফরম করেই জাতীয় দলে আসুক।’

ব্যাটিংয়ে সবচেয়ে সফল ছিলেন এনামুল হক বিজয়। বেশ কিছুদিন ধরেই রান খরায় ভুগছিলেন তিনি। এ টুর্নামেন্টে হাত ভালোই ঝালিয়ে নিয়েছেন প্রাইম ব্যাংকের ওপেনার। টুর্নামেন্টে শতক হাঁকিয়েছেন দুজন। আর দুটোই হয়েছে মোহামেডানের বিপক্ষে! মোহামেডানের বিপক্ষে এনামুলের ১০৫ রানের ইনিংসটি স্মৃতিতে জমে থাকবে বহু দিন। টুর্নামেন্টে তাঁর সংগ্রহ ২৯৮ রান। গড় ৪২.৫৭। উইকেটের পেছনেও সফল এনামুল। সর্বোচ্চ ১৩টি ক্যাচ পুরেছেন গ্লাভসে। পারফরম্যান্সে বেজায় খুশি বিজয় বলেন, ‘খুবই ভালো লাগছে। আসলে একজন ক্রিকেটারের ভালো করার বিকল্প নেই। এখন প্রতিযোগিতা অনেক বেড়েছে। ভালো করেই জাতীয় দলে ঠাঁই পেতে হয়। ফলে ধারাবাহিকভাবেই পারফরম করতে চাই।’

তামিম ইকবালও যথেষ্ট ধারাবাহিক ছিলেন টুর্নামেন্টে। মোহামেডানের বিপক্ষে তাঁর ১৩০ রানের বিস্ফোরক ইনিংসটি উদ্বেলিত করেছিল সবাইকে। প্রাইম ব্যাংকের সাব্বির রুম্মানের পারফরম্যান্সও উল্লেখ করা প্রয়োজন। ব্যক্তিগত রান সংগ্রহে তাঁর অবস্থান তিনে হলেও প্রাইম ব্যাংকের এ তরুণ ৫৩.৬০ গড়ে করেছেন ২৬৮। ব্যাটিং গড়ে তিনিই সবার থেকে এগিয়ে।

বোলিংয়ে সবার আগে আসবে আল-আমিনের নাম। ইউসিবি-বিসিবি একাদশের এ তরুণ পেসার সিলেটে আবাহনীর বিপক্ষে এক ওভারেই পাঁচ উইকেট তুলে নিয়ে রীতিমতো হইচই ফেলে দিয়েছেন। ওই ম্যাচে এক ওভারে টানা চার বলে চারটি উইকেট নেন তিনি! ক্রিকেটের পরিভাষায় যাকে বলে ‘ডাবল হ্যাটট্রিক’। আন্তর্জাতিক ক্রিকেটে ডাবল হ্যাটট্রিকের কৃতিত্ব রয়েছে কেবল একজনের— শ্রীলঙ্কার লাসিথ মালিঙ্গার। টুর্নামেন্টে আল-আমিনই সর্বোচ্চ উইকেট শিকারি। তাঁর ঝুলিতে পড়েছে ১৩ উইকেট।

এই টুর্নামেন্ট যে তাঁকে আলাদা একটি পরিচিতি এনে দিয়েছে, সেটা বেশ বুঝতে পারছেন আল-আমিন, ‘আমার জন্য দারুণ একটা টুর্নামেন্ট গেল। টুর্নামেন্ট চলাকালে এক ওভারে পাঁচ উইকেট নেওয়ার বিষয়টি সেভাবে অনুভব করতে পারিনি। কিন্তু এখন বাড়িতে এসে মনে হচ্ছে, ভালো কিছু করেছি! মানুষ জড়িয়ে ধরছে, ছবি তুলছে!’

একটি টেস্ট ও টি-টোয়েন্টি খেললেও সেভাবে নজর কাড়তে পারেননি। তবে আল-আমিন দৃঢ় প্রতিজ্ঞ, জাতীয় দলে জায়গাটি কিছুতেই হারিয়ে যেতে দেবেন না, ‘জাতীয় দলে খেলার স্বপ্ন সবারই থাকে। আমিও নিয়মিত খেলতে চাই। তবে আপাতত পরিকল্পনা, জাতীয় লিগে আরও ভালো করা। ধাপে ধাপে এগোতে চাই।’

ব্যাট হাতে সাকিব আল হাসানের অবস্থান আটে হলেও বল হাতে তিনি সফল। নিয়েছেন ১১ উইকেট। অবশ্য প্রাইম ব্যাংকের তাইজুল ইসলাম ও মোহামেডানের দেওয়ান সাব্বিরের দখলেও রয়েছে ১১ উইকেট।        

সিলেটে শুরু হয়েছিলে টুর্নামেন্টের প্রথম আটটি ম্যাচ। ফাইনালসহ পরের পাঁচটি হয়েছে মিরপুরের শেরেবাংলা স্টেডিয়ামে। চার দলে ১৪ জন করে মোট ৫৬ জন খেলোয়াড় খেলেছেন এ টুর্নামেন্টে। যাঁরা পাদপ্রদীপের আলোয় ছিলেন না, তাঁদের অনেকেই দারুণ পারফরম করেছেন টুর্নামেন্টে। এটাই বোধ হয় বিজয় দিবসের টি-টোয়েন্টি কাপের সবচেয়ে বড় প্রাপ্তি!

তারকা খেলোয়াড়দের মধ্যে সবচেয়ে সফল সাকিব-তামিমই। দুজনই শীর্ষ তালিকায় রয়েছেন। আসন্ন সিরিজ ও টি-টোয়েন্টি বিশ্বকাপে সাফল্য পেতে ক্রিকেটারদের এ পারফরম্যান্স ভীষণ কাজে দেবে, এমন প্রত্যাশা করা যেতেই পারে। রাজনৈতিক ডামাডোলের মধ্যেই সফলভাবে এমন একটি টুর্নামেন্ট শেষ হওয়ায় ক্রিকেটবিশ্বেও একটি ইতিবাচক বার্তা পৌঁছাবে।