সাকিব-মাশরাফির মুখোমুখি তামিম
মাশরাফি বিন মুর্তজা প্রিমিয়ার লিগে খেলছেন আগে থেকেই। লিজেন্ডস অব রূপগঞ্জের নেতৃত্বও দিচ্ছেন বাংলাদেশের সাবেক অধিনায়ক। ওয়ানডে দলের তামিম ইকবাল ও আরেক সাবেক অধিনায়ক সাকিব আল হাসান অবশ্য প্রিমিয়ার লিগে আজই প্রথমবার নামলেন।
বিকেএসপির চার নম্বর মাঠে একই ম্যাচেই দেখা গেল মাশরাফি, সাকিব, তামিমকে। এমনিতে মোহামেডানে নাম লেখানো সাকিব সুপার লিগে খেলছেন রূপগঞ্জের হয়ে। মাশরাফি, সাকিব তাই সতীর্থ। তাঁদের প্রতিপক্ষ ছিলেন প্রাইম ব্যাংকের তামিম ইকবাল।
বৃষ্টিবিঘ্নিত ম্যাচে তানভীর হায়দার ও মুক্তার আলীর অষ্টম উইকেট জুটির সৌজন্যে শেষ পর্যন্ত ২ বল বাকি থাকতে জিতেছে মাশরাফি-সাকিবের রূপগঞ্জই। শীর্ষে থাকা শেখ জামালের সঙ্গে পয়েন্ট ব্যবধানও কমিয়ে এনেছে তারা।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজের পর ব্যক্তিগত কাজে ইংল্যান্ড গিয়েছিলেন তামিম। প্রাইম ব্যাংকের হয়ে ইনিংস উদ্বোধন করতে নেমেছিলেন আজ। সাকিবের বলে ক্যাচ দেওয়ার আগে ৫ বলে ৮ রান করেছেন তামিম, ইনিংসে মেরেছেন একটি চার।
সাকিবের দুটি বলই খেলেছেন তামিম, প্রথম বলে রান নিতে পারেননি, পরের বলেই ক্যাচ তুলেছেন। রূপগঞ্জের সেরা বোলার ছিলেন সাকিবই। ৭ ওভারে ১৯ রান দিয়ে নিয়েছেন ২ উইকেট—তামিমের পর ফিরিয়েছেন নাসির হোসেনকে। ২ উইকেট নিয়েছেন মাশরাফিও, ৬ ওভারে তিনি গুনেছেন ৩৩ রান।
রানতাড়ায় ২৬ রানে ৩ উইকেট পড়ে যাওয়ার পর নেমেছিলেন সাকিব। সাব্বির রহমান, চিরাগ জানির পর মাশরাফি বিন মুর্তজার সঙ্গে জুটি গড়েছেন। রূপগঞ্জের ইনিংস ধরে রেখেছিলেন তিনি। তবে ৩৪ বলে ২৫ রান করার পর হন রানআউট, রকিবুল হাসানের দুর্দান্ত সরাসরি থ্রোয়ে ফিরতে হয় তাঁকে। সাকিবের আগেই ফেরেন মাশরাফি। মুখোমুখি দ্বিতীয় বলেই ছয় মেরেছিলেন, তবে টেকেননি বেশিক্ষণ। ৫ বলে ৬ রান করে রেজাউর রহমানের বলে বোল্ড হন।
সাকিব আউট হওয়ার সময় ৮৪ রানে ৭ উইকেট হারিয়েছিল রূপগঞ্জ। তবে তানভীর-মুক্তারের জুটি অবিচ্ছিন্ন থেকেই দারুণ জয় এনে দেন।
প্রাইম ব্যাংকের পরের ম্যাচ ২৪ এপ্রিল, শীর্ষে থাকা শেখ জামালের বিপক্ষে। ওই দিনই আবাহনীর বিপক্ষে খেলবে রূপগঞ্জ।